আয়াক্স আমস্টারডামের জার্সি হাতে মার্ক–আন্দ্রে টের স্টেগেন
আয়াক্স আমস্টারডামের জার্সি হাতে মার্ক–আন্দ্রে টের স্টেগেন

বার্সেলোনা ছেড়ে ধারে আয়াক্সে মার্ক-আন্দ্রে টের স্টেগেন

বার্সেলোনা ছাড়লেন মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তবে পাকাপাকিভাবে নয়, ২০২৬-২৭ মৌসুমের জন্য ধারে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডামে যোগ দিয়েছেন এই জার্মান গোলকিপার। আজ আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে আয়াক্স। এক বিবৃতিতে ডাচ ক্লাবটি জানিয়েছে, ‘বার্সেলোনা ও টের স্টেগেনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে আয়াক্স।’

৩৪ বছর বয়সী টের স্টেগেন দীর্ঘ এক যুগ কাটিয়েছেন বার্সেলোনায়। তবে সর্বশেষ দুই মৌসুমের বড় একটা সময় গুরুতর চোটে ভুগে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। হোয়ান গার্সিয়া নিজেকে বার্সেলোনার এক নম্বর গোলকিপার হিসেবে জায়গা প্রায় পাকা করে ফেলার পর টের স্টেগেনকে গত জানুয়ারিতে ধারে জিরোনায় পাঠায় কাতালান ক্লাবটি। কিন্তু সেখানে গিয়েও ভাগ্য খোলেনি। জিরোনার হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন টের স্টেগেন। সেই চোট তাঁকে পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দেয়।

চোটাঘাতের এই কঠিন সময়ের কারণে সদ্য সমাপ্ত বিশ্বকাপেও জার্মানির জাতীয় দলে জায়গা পাননি এই গোলকিপার।

এক যুগ বার্সায় কাটিয়েছেন টের স্টেগেন

২০১৪ সালে বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন টের স্টেগেন। দীর্ঘ এক যুগে কাতালানদের হয়ে তিনি খেলেছেন ৪২৩টি ম্যাচ। এই সময়ে ৭টি লা লিগা ও ২০১৫ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ বার্সেলোনার হয়ে জিতেছেন মোট ২০টি ট্রফি।

ডাচ লিগ এরডিভিসিতে আয়াক্সের সময়টাও খুব ভালো যাচ্ছে না। গত মৌসুমে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থেকে লিগ শেষ করেছে আমস্টারডামের ক্লাবটি, যা তাদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন পয়েন্ট পাওয়ার রেকর্ড। তবে ডাচ প্লে-অফ জিতে উয়েফা কনফারেন্স লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে রেকর্ড ৩৪ বারের ডাচ চ্যাম্পিয়নরা। বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ার ক্লাব ভয়ভোদিনা নোভি সাদককে দুই লেগ মিলিয়ে ৮-২ ব্যবধানে হারিয়ে তারা এখন তৃতীয় রাউন্ডে উঠেছে। কনফারেন্স লিগের এই তৃতীয় রাউন্ডে আয়াক্সের প্রতিপক্ষ আইরিশ ক্লাব শেলবোর্ন।

আয়াক্সে ধারে গেলেও বার্সেলোনার সঙ্গে ৩৪ বছর বয়সী এই জার্মানির মূল চুক্তির মেয়াদ রয়ে গেছে ২০২৮ সাল পর্যন্ত।