১৮ বছর পর বেঞ্চে রোনালদো
১৮ বছর পর বেঞ্চে রোনালদো

সৌদি ক্লাবে যোগ দেওয়ার খবরে রোনালদোর ‘না’

পর্তুগালের হয়ে বিশ্বকাপে ব্যস্ত থাকলেও ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ক্যারিয়ার নিয়েও আলোচনা চলছে সমানতালে। গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর পর্তুগিজ তারকা এখন ‘ফ্রি এজেন্ট’।

নিজের ইচ্ছায় যেকোনো ক্লাবে যোগ দিতে পারেন। আর সেই ক্লাবটি হতে যাচ্ছে সৌদি আরবের আল নাসর, ইউরোপীয় গণমাধ্যমে এমন খবর ভেসে বেড়াচ্ছে গত কিছুদিন। বছরে ২০ কোটি ইউরোয় আড়াই বছরের চুক্তিতে রোনালদো সম্মত হয়েছেন বলেও খবর বেরিয়েছে। তবে সেই খবর উড়িয়ে দিয়েছেন রোনালদো।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবরে বলা হয়, জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রোনালদো। তাঁর ব্যবস্থাপক দল এরই মধ্যে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা সেরে নিয়েছে। রোনালদোও সম্মতি দিয়েছেন।

তবে মঙ্গলবার পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচের পর জানা গেছে উল্টোটা। ইএসপিএনের খবরে বলা হয়, আল নাসরে খেলার সম্মতি দিয়েছেন কি না, প্রশ্ন করা হয় রোনালদোকে। এ সময় তিনি সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘না, এটা সত্য নয়।’

সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের শুরুর একাদশে ছিলেন না রোনালদো

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৫টি চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদো ওল্ড ট্রাফোর্ডে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরু করেন গত বছর। দুই বছরের চুক্তি হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে গত মাসে তাঁর একটি বিস্ফোরক সাক্ষাৎকারের সূত্রে ইউনাইটেডের সঙ্গে সম্পর্কে চিড় ধরে। সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ এরিক টেন হাগ, কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালিকপক্ষের সমালোচনা করেন তিনি। এর জেরে দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করা হয়।

পিয়ার্স মরগানকে দেওয়া একই সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, সর্বশেষ দলবদল মৌসুমে সৌদি আরবের একটি ক্লাব তাঁকে দলে ভেড়াতে চেয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কাতারে বিশ্বকাপ চলাবস্থায় মার্কাসহ কয়েকটি ইউরোপীয় গণমাধ্যম জানায়, সৌদির ক্লাব আল নাসর রোনালদোকে বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে। যার সর্বশেষ খবর ছিল রোনালদো সম্মত হয়েছেন।