
ভারতের গোয়ায় অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ–ভারত। গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের চোখ হ্যাটট্রিক শিরোপায়, আর টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত চায় শিরোপা পুনরুদ্ধার করতে।
এই ম্যাচের তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে চোখ রাখুন প্রথম আলো লাইভ ব্লগে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে যুক্ত আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলমও।
দুটি পরিবর্তন এনে ফাইনালের একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
সেমিফাইনালের একাদশ থেকে মাঝমাঠের উমেলাহ মারমা আর ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতিকে বেঞ্চে পাঠানো হয়েছে। তাঁদের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন দলের অন্যতম দুই সেরা ফরোয়ার্ড তহুরা খাতুন এবং শামসুন্নাহার জুনিয়র।
মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, আনিকা রানিয়া সিদ্দিকা, তহুরা খাতুন, শাসমুন্নাহার জুনিয়র।
বাংলাদেশ–ভারত: হেড টু হেড
মোট ম্যাচ: ১৩
ভারত জয়ী: ১০
বাংলাদেশ জয়ী: ২
ড্র: ১
শিরোপানির্ধারণী ম্যাচ দেখতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গ্যালারিতে অল্প কিছু ভারতীয় সমর্থক এসেছেন। এক প্রান্তে বাজানো হচ্ছে ব্যান্ড।
টুর্নামেন্টে ভারতের আগের ম্যাচগুলোতে দর্শক না আসায় ফাইনালের আগে হতাশা প্রকাশ করেছিলেন দলটির কোচ।
বাংলাদেশ শুরুটা করেছে সতর্ক ফুটবলে। নিজেদের জাল আগলে রাখার দিকেই বেশি মনোযোগ দেখা যাচ্ছে। প্রথম পাঁচ মিনিটে একটাই শট হয়েছে, সেটি নিয়েছেন ভারতের সানফিদা ননগ্রুম। তবে সেটি পোস্টের ওপর দিয়ে চলে গেছে। চতুর্থ মিনিটে আভেকা আটকাতে ফাউল করতে হয়েছে আফঈদা খন্দকারকে।
বাংলাদেশ ০:০ ভারত
১২তম মিনিটে গোলের সুযোগ হারিয়েছে বাংলাদেশ। বাঁ প্রান্ত থেকে ঋতুপর্ণা বল বাড়িয়েছিলেন গোলমুখে। খুব কাছাকাছি থাকলেও পা ছোঁয়াতে পারেননি শামসুন্নাহার।
বাংলাদেশ ০:০ ভারত
দুই মিনিটের মধ্যে দ্বিতীয়বার গোলের সুযোগ নষ্ট করল বাংলাদেশ। এবার তহুরা।
বক্সের সামনে বল পাওয়ার পর ভারতীয় গোলকিপারকে প্রায় একা পেয়ে গিয়েছিলেন। তবে জুলি কিশান এসে তাঁকে শেষ শট নিতে দেননি। তার আগে তহুরাও বল নিয়ন্ত্রণে নিতে দুটি টাচে সময় একটু বেশি নিয়ে ফেলেছিলেন।
বাংলাদেশ ০:০ ভারত
ম্যাচের ১৬তম মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছে ভারতও। নির্মলা দেবীর শট মিলি আক্তার এগিয়ে এসে ধরতে চাইলেও হাতে নিতে পারেননি। এরপর ভালোভাবে বল বিপদমুক্ত করতে পারেননি কোহাতি কিসুকও।
ভালো সুযোগ ছিল আস্তাম ওরাওনের সামনে। পারতেন বাংলাদেশের ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেওয়ার। কিন্তু শটটি ঠিকঠাক নিতে না পারায় বল গোলপোস্টের বাইরে চলে যায়।
কোনো দলই গোল পাচ্ছে না। বাংলাদেশ, ভারত দুই দলই একাধিক সুযোগ নষ্ট করেছে। সবচেয়ে ভালো সুযোগটি সম্ভবতই ভারতই পেয়েছে, কিন্তু আস্তাম ওরাওন তা কাজে লাগাতে পারেননি।
বাংলাদেশ ০:০ ভারত
৩৮ মিনিটে বল নিয়ে ভেতরে ঢুকে যাওয়া মনিষা কল্যাণ শট নিয়েছিলেন। বাঁ দিকে ঝাঁপিয়ে তা রুখে দিয়েছেন বাংলাদেশ গোলকিপার মিলি। বল অবশ্য হাতে নিতে পারেননি। ভারতের কেউ কাছাকাছি না থাকায় বিপদও হয়নি।
বাংলাদেশ ০:১ ভারত
৪২ মিনিটে গোল পেয়ে গেল ভারত। করেছেন পেয়ারি জাজা।
পেয়ারি জাজাকে আটকাতে ছুটে গিয়েছিলেন সুরভী। তবে ব্লক করতে পারেননি। উল্টো বল তাঁর গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তাঁর মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।
বাংলাদেশ ১:১ ভারত
আবার ঋতুপর্ণা!
আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে।
প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা ফেরাল বাংলাদেশ।
ম্যাচের প্রথম ৪১ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে যাওয়ার চার মিনিট পরই সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
সেমিফাইনালে নেপালের বিপক্ষে গোল করা ঋতুপর্ণাই সমতা ফিরিয়েছেন। যোগ করা সময়ের এই গোলের কিছুক্ষণ পরই প্রথমার্ধের বিরতির বাঁশি বাজিয়েছেন রেফারি।
এবারের সাফে এই প্রথম গোল হজম করল ভারত। এর আগে গ্রুপ পর্বে মালদ্বীপ ও বাংলাদেশ এবং সেমিফাইনালে ভুটানের বিপক্ষে কোনো গোল হয়নি তাদের বিপক্ষে।
বাংলাদেশ ১:২ ভারত
দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ সেকেন্ডেই গোল হজম করল বাংলাদেশ। পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে বল জালে পাঠিয়েছেন সানফিদা।
বাংলাদেশ ১:২ ভারত
৫১ মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে আসা বলে হেড নিয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
বাংলাদেশ ১:২ ভারত
মাঠে একটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। আনিকাকে তুলে মাঠে নামিয়েছেন মনিকা চাকমাকে।
পরিবর্তনটি হয়েছে ৬০তম মিনিটে। এর আগে ৫৮তম মিনিটে রেফারির কাছে একটি পেনাল্টির আবেদন করেছিল বাংলাদেশ। মালভিকার সঙ্গে বল দখলের লড়াইয়ে বক্সে পড়ে যান শামসুন্নাহার। বাংলাদেশ পেনাল্টির আবেদন করলেও রেফারি কর্ণপাত করেননি।
বাংলাদেশ ১:২ ভারত
৬৪তম মিনিটে গোলের ভালো সুযোগ ছিল ভারতের। সানফিদার বাড়ানো ক্রস বাড়ালে বক্সের ভেতর থেকে ভলি করেছিলেন মনিষা। তবে বল লক্ষ্যে রাখতে পারেননি।
বাংলাদেশ ১:২ ভারত
ম্যাচের সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে বাংলাদেশের দুশ্চিন্তা। কেননা ২–১ গোলে পিছিয়ে আছে পিটার বাটলারের দল। ডাগআউটে থাকা বাটলারের চোখেমুখেও চিন্তার ছাপ।
বাংলাদেশ ১:৩ ভারত
ম্যাচে ফেরা দূরে থাক, উল্টো ৮৩ মিনিটে তৃতীয় গোলও হজম করেছে বাংলাদেশ। এলোমেলো রক্ষণের সুযোগটা কাজে লাগিয়ে স্কোরলাইন ৩–১ করেন ভারতের কম সেরতো।
বাংলাদেশ ১:৩ ভারত
বাজল রেফারির শেষ বাঁশি। হতাশায় থমকে গেলেন বাংলাদেশের মেয়েরা, ভারতীয়দের উল্লাস। বাংলাদেশকে ৩–১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত। হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের।
বাংলাদেশ ১:৩ ভারত
মেয়েদের সাফের প্রথম পাঁচ আসরের চ্যাম্পিয়ন ভারত। তবে ২০২২ ও ২০২৪ সালে হওয়া ষষ্ঠ ও সপ্তম আসরে শিরোপা জেতে বাংলাদেশ। এবার বাংলাদেশকে হারিয়ে সাফের সিংহাসনে ফিরেছে ক্রিসপিন ছেত্রীর দল। সব মিলিয়ে এটি ভারতের ষষ্ঠ সাফ শিরোপা।
ফাইনালে ৪২ মিনিটে প্রথম গোল করেন ভারতের পেয়ারি জাজা। প্রথমার্ধের যোগ করা সময়ে বাংলাদেশকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা।
ম্যাচ পুরোপুরি ভারতের দিকে হেলে যায় দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে সানফিদার গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকেরা ৮২ মিনিটে লিন্ডা কমের সৌজন্যে জয় প্রায় নিশ্চিত করে ফেলে।