
বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের ক্রীড়াঙ্গনেও উন্মাদনার কমতি নেই। প্রিয় দল, প্রিয় ফুটবলারদের নিয়ে সবারই আছে আবেগ আর প্রত্যাশা। আছে বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতিও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিশ্বকাপ-ভাবনা নিয়ে এই আয়োজন। আজ শুনুন জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদের কথা—
বিশ্বকাপের ম্যাচগুলো নিশ্চয় দেখছেন?
রাসেল মাহমুদ: আমি ব্রাজিল সমর্থক। সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের ম্যাচ দিয়ে বিশ্বকাপ দেখা শুরু করলাম। অন্য ম্যাচগুলোর হাইলাইটস দেখেছি।
ব্রাজিলকে সমর্থনের কারণ কী?
রাসেল: ছোটবেলায় ব্রাজিল সমর্থক আমার বন্ধুরা যখন ব্রাজিলের জার্সি পরত, তখন হলুদ রংটা আমার খুব ভালো লাগত। আসলে ব্রাজিলের জার্সি দেখেই সমর্থক হয়ে গেলাম।
আপনার পরিবারে আর কেউ ব্রাজিলের সমর্থক?
রাসেল: আমার আড়াই বছরের মেয়ে ইজানা মাহমুদকে আমার দলে নেওয়ার চেষ্টা করছি (হাসি)। কিন্তু আমার ছোট ভাই খালেদ মাহমুদ এবং আমার স্ত্রী—দুজনই আর্জেন্টিনার সমর্থক। স্ত্রীর সঙ্গে ঝগড়াও হয় খেলা দেখা নিয়ে। ব্রাজিল গোল না পাওয়া পর্যন্ত আমাকে খেপিয়েছে সে। যখন ব্রাজিল ২ গোল দিয়ে দেয় সার্বিয়াকে, এরপর সে বলে, আমার ঘুম পাচ্ছে।
বিশ্বকাপ দেখার কোনো মজার স্মৃতি মনে পড়ে?
রাসেল: বিকেএসপিতে আমরা সবাই টেলিভিশন রুমে দল বেঁধে খেলা দেখতাম। হারের পর ডাইনিংয়ে অনেকে খেতে আসত না।
প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতি?
রাসেল: ১৯৯৪ সালের বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ইতালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেই ম্যাচের কথা বেশি মনে আছে। ১৯৯৮ ফাইনালে ব্রাজিল হারে ফ্রান্সের কাছে। ওই বছর আমি বিকেএসপিতে ভর্তি হই। সেবার বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয় আমাদের বন্ধুদের মধ্যে।
কোন ফুটবলারের খেলা দেখে প্রথমবার ভালো লেগেছিল?
রাসেল: ১৯৯৮ বিশ্বকাপে রোনালদো, রিভালদো, দুঙ্গা, বেবেতো, কাফু, এমারসন, দিদা—সবার খেলা ভালো লেগেছে। ২০০২ বিশ্বকাপে বেশি ভালো লাগত রোনালদিনিওর খেলা। ওর স্টাইল, ড্রিবলিং, গোল করার পর উদ্যাপন—সবই অসাধারণ লাগত আমার।
এবার কারা চ্যাম্পিয়ন হতে পারে?
রাসেল: আমি চাই ব্রাজিল। কিন্তু এবার মেসি-নেইমারের হাতে বিশ্বকাপ উঠবে না। এবারও আমার ধারণা, বিশ্বকাপ ইউরোপেই থাকবে।
এই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা কে হতে পারেন?
রাসেল: কিলিয়ান এমবাপ্পে বা মেসির মধ্যে যে কেউ।
সেরা খেলোয়াড়?
রাসেল: ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাবনা বেশি।