বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ

‘ওটা ভূতের বাড়ি নয়, বায়ার্ন মিউনিখ’, দেম্বেলেদের সাহস দিলেন বার্সা কোচ জাভি

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইউরোপসেরার মঞ্চ থেকে; ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপা লিগ খেলতে হয়েছিল বার্সেলোনাকে। এর এক মৌসুম আগেই বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল হজম করেছিল বার্সা। শুধু এই দুই ম্যাচের কথা বললে বিষয়টি পুরোপুরি বোঝানো যায় না; অ্যালিয়াঞ্জ অ্যারিনায় শেষ ৬ ম্যাচে জয় পায়নি বার্সা। এই ৬ ম্যাচে বায়ার্নের গোলসংখ্যা ১৪, সেখানে বার্সার গোল ৪টি—এ পরিসংখ্যানই স্পষ্টভাবে বলে দেয়, বার্সার ওপর বায়ার্নের দাপট কতটা।

তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। যে রবার্ট লেভানডফস্কিকে ঘিরেই সাজানো হতো বায়ার্নের আক্রমণভাগ, সেই লেভাই এখন বার্সায়। কাতালান ক্লাবটিতে যোগ দিয়েই লেভানডফস্কি বলেছিলেন বায়ার্নের কাছে বার্সার ৮-২ গোলের হার তাঁর কাছে অতীত, ‘এখন আমি বার্সার অংশ এবং এটি নতুন একটি অধ্যায়, নতুন কিছু করার সুযোগ। এখন পেছনে ফিরে তাকানোর সময় নয়।’

বার্সার সমর্থকদের জন্য এরই মধ্যে দৃশ্যটি পরিচিত করে ফেলেছেন লেভানডফস্কি

বার্সার এসে এরই মধ্যে নিজের ছাপ রাখতেও শুরু করেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে এরই মধ্যে ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন লেভানডফস্কি। বায়ার্নের ঘরের মাঠে তাদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হওয়ার আগে, বার্সা কোচ জাভি হার্নান্দেজ বুঝি সে জন্যই আত্মবিশ্বাস নিয়েই বলেছেন, বার্সা ভূতের বাড়িতে খেলতে যাচ্ছে না।

সোমবার সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘বায়ার্নের বিপক্ষে আমি মুদ্রার দুই পিঠই দেখেছি—ওদের সঙ্গে হেরেছি, আবার জিতেছিও। আমি জানি, সাম্প্রতিক ফলাফল আমাদের পক্ষে কথা বলছে না, কিন্তু ফুটবলে সব ফলই ঘুরেফিরে আসে। আমি এটাকে ভূতের বাড়ি বলব না, এটা বায়ার্ন মিউনিখ।’

বায়ার্ন মিউনিখের কাছে ৮ গোল হজম করেছিল বার্সা

বায়ার্নের বিপক্ষে এই ম্যাচ লেভার জন্য বিশেষ কিছু, তা–ও জানিয়েছেন জাভি, ‘লেভানডফস্কি বেশ ভালো ও চাপমুক্ত আছে। ও বেশ আত্মবিশ্বাসী, একজন সহজাত নেতা। এটা ওর জন্য বিশেষ এক ম্যাচ, ভালো করতে ও মুখিয়ে আছে। অবশ্যই আমাদের আক্রমণভাগের একটা বড় অংশ লেভানডফস্কি, তবে আমাদের অন্য খেলোয়াড়ও আছে, যেটা মঙ্গলবারে খেলায় প্রমাণ করতে চাই।’

জাভি এমন কথা বলতে পেরেছেন, কারণ চলতি মৌসুমে লেভানডফস্কি ছাড়াও বার্সায় আরও পাড়ি জমিয়েছেন ফ্রাঙ্ক কেসি, রাফিনিয়া, জুলুস কুন্দেরা। এ ছাড়া দলে উসমান দেম্বেলে, পেদ্রির মতো প্রতিভাবান ফুটবলাররা তো আছেনই।

ছন্দে আছে বার্সেলোনা

গত কয়েক মৌসুম ধরে ধুঁকতে থাকা বার্সায় এখন পরিবর্তন হয়েছে অনেক, মনে করেন বার্সা কোচ, ‘প্রায় সবকিছুই বদলে গেছে। আমরা অনেক দিকেই উন্নতি করেছি, বিশেষ করে মানসিকতায়। লড়াই করার মতো সামর্থ্য আমাদের আছে। গত মৌসুমে হারের পর আমি খেলোয়াড়দের বলেছিলাম, এটা বার্সেলোনা, এই দলে খেলতে হলে পরিশ্রম করতে হবে, মাঠে কঠিন মানসিকতার পরিচয় দিতে হবে। সে মানসিকতা এখন  অনেকটাই বদলে গেছে, আগের চেয়ে দলে মানসিকভাবে শক্ত ফুটবলারদের সংখ্যাও বেড়েছে। দলে নতুন খেলোয়াড় বেড়ানো দলকে আরও আত্মবিশ্বাসী করেছে।’

বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় আজ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় স্বাগতিকদের মুখোমুখি হবে বার্সা।