শিরোপা লড়াই জমিয়ে তুলেছে আবাহনী
শিরোপা লড়াই জমিয়ে তুলেছে আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগ

ফর্টিসকে হারিয়ে কিংসকে ছুঁয়ে ফেলল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বসুন্ধরা কিংসকে ছুঁয়ে ফেলেছে ঢাকা আবাহনী লিমিটেড। লিগে এটি আবাহনীর টানা ষষ্ঠ জয়।

১৩ ম্যাচ শেষে আবাহনী-ফর্টিস দু দলেরই সংগ্রহ ছিল সমান ২৫ পয়েন্ট। গোল ব্যবধানে আবাহনী দ্বিতীয় ও ফর্টিস তৃতীয় স্থানে ছিল। আজ মুখোমুখি লড়াইয়ে আবাহনীর জয়ে তারা পয়েন্ট টেবিলে কিংসের সমান ২৮ পয়েন্টে পৌঁছেছে। তবে আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলেছে কিংস। ১৩ ম্যাচ খেলা দলটি আগামীকাল ব্রাদার্সকে হারালে বা ড্র করলে এককভাবে শীর্ষে ফিরে যাবে।

ম্যাচের বয়স তখন মাত্র ৩৪ সেকেন্ড! ওই সময়েই অদ্ভুত এক গোলে ফর্টিসের বিপক্ষে এগিয়ে যায় আবাহনী। ডান দিক থেকে মিরাজুলের বক্সের ভেতর ফেলা বল ধরতে এগিয়ে যান ফর্টিসের শ্রীলঙ্কান গোলরক্ষক সুজান পেরেইরা। একই সময় বল বিপদমুক্ত করতে এগিয়ে যান ফর্টিসের ডিফেন্ডার ও অনূর্ধ্ব-২০ সাফ জয়ী দলের অধিনায়ক মিঠু চৌধুরীও।

দুজনের হুড়োহুড়িতে শেষ পর্যন্ত বলটি মিঠুর গায়ে লেগে জড়িয়ে যায় জালে। মিঠু সামনে থাকায় সুজানের পক্ষে বলটি ধরা সম্ভব হয়নি।

ম্যাচের শুরুতেই এমন গোল হজম করে চাপে পড়ে যায় ফর্টিস। ম্যাচের বাকি নব্বই মিনিট হাতে থাকলেও আবাহনীর রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। গত ম্যাচে লাল কার্ড দেখায় অধিনায়ক পা ওমর বাবু এদিন মাঠে ছিলেন না, যে কারণে ফর্টিসের আক্রমণে আগের ধার ছিল না। অন্যদিকে, আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় আবাহনী পায়নি ফরোয়ার্ড শেখ মোরছালিনকে।

দিনের আরেক ম্যাচে মানিকগঞ্জে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ-আরামবাগ। তুলনামূলক বেশি সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পয়েন্ট টেবিলের চারে থাকা রহমতগঞ্জকে।

১-০ গোলের জয়ে অবনমন এড়ানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে আরামবাগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের ভেতর থেকে গড়ানো শটে জয়সূচক গোলটি করেন আরামবাগের ঘানাইয়ান ফরোয়ার্ড কিজিতো। এই জয়ে ১৪ ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৩, সমান ম্যাচে রহমতগঞ্জের সংগ্রহ ১৯।