বিশ্বকাপ ট্রফি নিয়ে স্পেনের উদ্‌যাপন
বিশ্বকাপ ট্রফি নিয়ে স্পেনের উদ্‌যাপন

ফাইনালে যেসব রেকর্ড নতুন করে লিখল রদ্রি, ইয়ামাল, তোরেসদের স্পেন

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। শুধু ট্রফি জয়ই নয়, পুরো টুর্নামেন্টে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিয়েছে স্পেন। কী সেই রেকর্ড—
৭৯০

পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৭৯০টি সফল পাস দিয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। এর মাধ্যমে তিনি ২০২২ কাতার বিশ্বকাপে নিজের গড়া ৬৩৮ পাসের রেকর্ড ভেঙেছেন।

৭৫০

স্পেনের দুই ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ও পাউ কুবারসি খেলেছেন পুরো ৭৫০ মিনিট। আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টারের সঙ্গে এটিই টুর্নামেন্টের সর্বোচ্চ।

৫৮

প্রতিপক্ষের কাছ থেকে সর্বোচ্চ ৫৮ বার বল পুনরুদ্ধার করেছেন মিকেল ওইয়ারসাবাল। এরপরই আছেন পেদ্রি ও মরক্কোর নেইল এল আইনাউই (৫১)।

৩৮

এই জয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড গড়েছে স্পেন। ২০২৪ সালের মার্চ থেকে তারা জিতেছে ২৯টি ম্যাচ, ড্র করেছে ৯টি। এতে ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে গেছে।

টানা ৩৮ ম্যাচ অপরাজিত স্পেন
৩৫

টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৫টি সফল ড্রিবল করেছেন লামিনে ইয়ামাল। এরপর আছেন কিলিয়ান এমবাপ্পে (২৮) ও লিওনেল মেসি (২৫)।

১৯

মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে বিশ্বকাপ জিতে ইতিহাসের যৌথভাবে চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন লামিনে ইয়ামাল। তাঁর চেয়ে কম বয়সে এই কীর্তি গড়েছেন জুসেপ্পে বারগোমি, পেলে ও রোনালদো নাজারিও। ১৯ বছর ১৭৮ দিন বয়সে সপ্তম স্থানে রয়েছেন পাউ কুবারসি।

১৪

পুরো আসরে ১৪ গোল করেছে স্পেন, যা বিশ্বকাপে তাদের ইতিহাসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ১৯৮৬ বিশ্বকাপের ১২ গোল। ২০১০ সালে শিরোপা জয়ের পথে তারা করেছিল মাত্র ৮ গোল, যদিও ম্যাচ খেলেছিল একটি কম।

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত টানা ৭ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বিশ্বকাপ ইতিহাসে এর চেয়ে বেশি টানা ম্যাচ জয়ের রেকর্ড আছে শুধু ব্রাজিলের (১১)।

বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে ৭টিতেই ক্লিন শিট রেখেছেন উনাই সিমন, যা বিশ্বকাপের এক আসরে নতুন রেকর্ড। নকআউটে প্রথম গোল খাওয়ার আগে টানা ৬৫০ মিনিট অপরাজিত থেকে তিনি ভেঙেছেন ওয়াল্টার জেঙ্গার ৫১৭ মিনিটের রেকর্ড।

উনাই সিমন

এই টুর্নামেন্টে মিকেল ওইয়ারসাবাল করেছেন ৫টি গোল। এর মাধ্যমে তিনি এক বিশ্বকাপে স্পেনের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে এমিলিও বুত্রাগুয়েনো এবং ২০১০ বিশ্বকাপে ডেভিড ভিয়া ৫টি করে গোল করেছিলেন।

২০১৪ সালে মারিও গোটশের পর দ্বিতীয় বদলি খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে জয়সূচক গোল করেছেন ফেরান তোরেস। ফাইনালের ইতিহাসে বদলি নেমে গোল করা পঞ্চম ফুটবলার তিনি।

পুরো টুর্নামেন্টে মাত্র ১টি গোল হজম করেছে স্পেন। বিশ্বকাপজয়ী কোনো দলের জন্য এটিই ইতিহাসের সর্বনিম্ন গোল হজমের রেকর্ড। এর আগে ১৯৯৮ সালের ফ্রান্স ও ২০১০ সালের স্পেন ২টি করে গোল খেয়ে শিরোপা জিতেছিল।