বাংলাদেশ ফুটবল লিগে রানার্সআপ হয়েছে আবাহনী
বাংলাদেশ ফুটবল লিগে রানার্সআপ হয়েছে আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগ  

পারল না ফর্টিস, আরামবাগকে উড়িয়ে এবারও রানার্সআপ আবাহনী

এক রাউন্ড হাতে রেখেই গত শুক্রবার ঘরোয়া ফুটবল লিগের শিরোপা পুনরুদ্ধার করেছিল বসুন্ধরা কিংস। আজ লিগের শেষ রাউন্ডে সবার নজর ছিল রানার্সআপ লড়াইয়ের দিকে। রানার্সআপ হওয়ার সমীকরণে টিকে ছিল আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। রানার্সআপ হতে দুই দলের সামনেই প্রথম শর্ত ছিল জয়। তারপর হতো গোলের হিসাব।

তবে এমন গুরুত্বপূর্ণ ও ভাগ্যনির্ধারণী দিনে সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে ফর্টিস এফসি। গাজীপুরের মাঠে পিডব্লিউডির কাছে ২-০ গোলে পিছিয়ে থেকে শেষ পর্যন্ত তারা ২-২ গোলে ড্র করেছে। অন্যদিকে মানিকগঞ্জের মাঠে আরামবাগকে ৪-০ গোলে উড়িয়ে রানার্সআপ হয়ে গেছে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড।

দিনের আরেক ম্যাচ লিগ শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়েছে আগেই অবনমন নিশ্চিত হওয়া ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে। ১৮ ম্যাচের  লিগ শেষে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের চূড়ান্ত পয়েন্ট ৪১। রানার্সআপ আবাহনীর পয়েন্ট ৩৭, আর ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় ফর্টিস।

এর আগে ১৭ রাউন্ড শেষে আবাহনী ও ফর্টিস দুই দলেরই পয়েন্ট ছিল সমান ৩৪। এমনকি গোল ব্যবধানও ছিল সমান + ১৮। অবশ্য আবাহনী ৩৩টি গোল করে ফর্টিসের (২৯ গোল) চেয়ে এগিয়ে ছিল।

তবে শেষ রাউন্ডে ফর্টিস ড্র করায় আর আবাহনী জিতে যাওয়ায় গোলের হিসাব পর্যন্ত যেতে হয়নি।

সরাসরি পয়েন্টে এগিয়ে থেকেই রানার্সআপ নিশ্চিত করেছে আবাহনী। এ নিয়ে টানা দ্বিতীয়বার রানার্সআপ হলো আকাশি-নীল শিবির, সর্বশেষ ৫ মৌসুমের হলো চতুর্থবার।
ফকিরেরপুল ইয়ংমেনসের সঙ্গে এবারের লিগ থেকে অবনমিত হয়েছে আরামবাগও। ১৮ ম্যাচ শেষে ফকিরেরপুলের সংগ্রহ ১০ পয়েন্ট, আরামবাগের ১৪।

দিনের আরেক ম্যাচে কুমিল্লায় গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে বিধ্বস্ত করে এবারের লিগ শেষ করেছে। পাঁচ গোলের চারটিই করেছেন সৌরভ দেওয়ান। গতবার চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান এবার হয়েছে পঞ্চম।