প্রতিবারই দেশে–বিদেশে আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে ভালো কিছু করার প্রতিশ্রুতি দেন জাতীয় দলের ফুটবলাররা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে তাঁরা বলেন, ‘এবার আমরা ভালো কিছু করব।’
কিন্তু শেষ পর্যন্ত ফল শূন্য। ১৬ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারছে না বাংলাদেশ। এই অবস্থায় প্রশ্ন আসছে, আর কত? কবে ফুটবলাররা কিছু দেবেন বাফুফে সভাপতিকে?
আজ উত্তরা আর্মড পুলিশ মাঠে জাতীয় দলের অনুশীলনে এসে এই প্রশ্নের উত্তর খুঁজলেন খোদ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। উত্তর পেলেন কী? ফুটবলারদের সঙ্গে কথা বলে সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বললেন, ‘এবার এসে আমি বলিনি আমরা সামনে ভালো করব। এবার এসে ফুটবলারদের বলেছি, তোমরা যা করছ (মাঠের বাজে ফল), তোমাদের আর ফুটবল খেলার সুযোগ নেই।’
স্পষ্টতই ফুটবলারদের একটা হুমকি দিয়ে রাখলেন সালাউদ্দিন। নিজেই বললেন, ‘এটা তাদের প্রতি আমার ভিন্ন বার্তা। আমি তাদের বলেছি, এটা তোমাদের (২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ) জয় করতেই হবে। তোমাদের আমাকে বলতে হবে না, আমরা ভালো করব। তোমরা সেটা করে এসে আমাকে বলবে, ভালো করেছি।’
সালাউদ্দিনের বার্তাটা খুব পরিষ্কার। ফুটবলারদের এবার কিছু দিতে হবে। নইলে তিনি ভিন্ন কিছু ভাববেন। নতুনদের নিয়ে আসবেন দলে। সালাউদ্দিন আজ অনুশীলনে এসে ফুটবলারদের প্রতি একটু কঠোর মনোভাবই দেখিয়েছেন। তাঁর কথা, ‘আমি ফুটবলারদের বলেছি, তোমরা পেশাদার খেলোয়াড়। তোমাদের পেশাদার ফুটবলারের মতোই আচরণ করতে হবে। তোমাদের উচিত দেশের জন্য খেলা। দেশের জন্য খেলার চেয়ে বড় কিছু নেই। আমি ১৬ বছর বয়স থেকে খেলে এসেছি। যত খেলাই খেলি, জাতীয় দলের জন্য খেলাটা সম্মানের।’
বাংলাদেশ দলটাকে অনুপ্রাণিত মনে হয়েছে সালাউদ্দিনের। তিনি বললেন, ‘অনেক নামীদামি খেলোয়াড় নেই। তবে ওদের মানসিকতা দেখলাম, ওরা চিন্তিত নয়। ওরা বলেছে, এখন থেকে বাংলাদেশ টিম সামনের দিকে যাবে। এটা অধিনায়ক, কোচ ও খেলোয়াড়েরা বলেছে।’
বয়সভিত্তিক ও মেয়েদের দল ভালো করছে। জামাল ভূঁইয়ারা পারছেন না কেন? এই প্রশ্নে বাফুফে সভাপতি বলেন, ‘মেয়েদের আর বয়সভিত্তিক—দুটিই ফেডারেশনের দল। দুটি দলকেই আমরা বেসিক থেকে শেখাই। আমরা এদের “এ বি সি ডি” শেখাই। জাতীয় দলের ফুটবলারাদের বেলায় যেটা হয়, ওরা “এ বি সি ডি” অন্য জায়গায় শিখে ক্লাবের সঙ্গে থাকে। আমরা যখন তাদের নিই, ওরা গ্র্যাজুয়েশন পরীক্ষা দিতে আসে। কাজেই তাদের প্রস্তুতিটা আমাদের মতো হয় না।’
প্রসঙ্গক্রমে বাফুফে সভাপতি কথা বলেছেন স্পট ফিক্সিং নিয়েও। গতকালই উত্তর বারিধারা ও কাওরান বাজার প্রগতি সংঘকে ১০ লাখ টাকা জরিমানাসহ দুই ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে আজমপুর ফুটবল ক্লাব উত্তরার বিরুদ্ধে জোরালো অভিযোগ ছিল স্পট ফিক্সিংয়ের, সেই দলটির বিরুদ্ধেই কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কেন? সালাউদ্দিন বলেন, ‘যাদের শাস্তি দেওয়া হয়েছে, সেটা প্রমাণের ভিত্তিতে। প্রমাণ ছাড়া শাস্তি দেওয়া যায় না। সংশ্লিষ্ট কমিটি সব দেখে সঠিক সিদ্ধান্ত দিয়েছে। কেউ চাইলে ফিফায় যেতে পারে। আমরা আটকাব না।’
কিন্তু উত্তর বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, স্পট ফিক্সিংয়ের কোনো প্রমাণ বাফুফে নাকি দিতে পারেনি। তাহলে কিসের ভিত্তিতে শাস্তি হলো? আবারও সালাউদ্দিনের একই উত্তর, ‘প্রমাণ ছাড়া আমরা কাউকে শাস্তি দিই না।’