ভাইকিংদের দেশে গিয়েছিলেন হ্যারি কেইন। জিততে পারেননি। তবে ফিরেছেন লিওনেল মেসিকে পেছনে ফেলে।
চ্যাম্পিয়নস লিগে গতকাল রাতে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের মাঠে নেমে ৩–৩ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেন বায়ার্নের তারকা স্ট্রাইকার কেইন। এর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে রেকর্ড বইয়ের একটি পাতায় ইংল্যান্ড কিংবদন্তি পেছনে ফেললেন মেসিকে।
৩০ বছর বয়স পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেলেছেন কেইন। ৩০ পেরিয়ে ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৬ গোল করলেন ৩৩ বছর বয়সী কেইন। মেসি ৩০ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে ৪৮ ম্যাচে করেন ৩৫ গোল। অর্থাৎ ভাইকিংয়ের জালে কেইনের দ্বিতীয় গোলে পেছনে পড়েন বার্সেলোনা কিংবদন্তি।
কেইন বায়ার্নে যোগ দেন ২০২৩ সালে। চ্যাম্পিয়নস লিগে এরপর থেকে অন্য রূপে দেখা যাচ্ছে তাঁকে। সামনে এখন করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৩০ বছর বয়স পেরিয়ে এ তালিকায় বেনজেমার গোল ৩৭টি, লেভার ৬৪ এবং রোনালদোর ৬৮টি। কেইন যে গতিতে ছুটছেন, তাতে বেনজেমার পেছনে পড়া স্রেফ সময়ের ব্যাপার। লেভানডফস্কি ও রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কি না, তা সময় হলেই বোঝা যাবে।
চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ৯ ম্যাচে গোল করলেন কেইন। পোলিশ কিংবদন্তি লেভানডফস্কি ও সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফন নিষ্টলরয়ও টানা ৯ ম্যাচে গোল করেছেন। তবে রেকর্ড গড়তে কেইনকে আরও টানা ৩ ম্যাচে গোল করতে হবে। ২০১৮ সালে রোনালদো টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড গড়েন।
কেইন এবার ব্যালন ডি’অর জয়ে বেশ বড় দাবিদার। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল। বুন্দেসলিগা জয়ের পাশাপাশি জেতেন জার্মান কাপও। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে তুলেছিলেন সেমিফাইনালে। এবারের মৌসুমে ৯ ম্যাচে এখন পর্যন্ত ৮ গোল করেছেন কেইন।