জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ
জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ

জার্মানির প্রথম দল ঘোষণাতেই ক্লপের চমক, চার ম্যাচের জন্য দুই স্কোয়াড

জার্মানি জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবার দল ঘোষণা করেই চমকে দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। আসন্ন উয়েফা নেশনস লিগের চার ম্যাচের জন্য একসঙ্গে দুটি স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। মোট ৪৫ খেলোয়াড়কে দুই দলে ভাগ করে প্রতিটি স্কোয়াডে রাখা হয়েছে দুটি করে ম্যাচের জন্য। জাতীয় দলের প্রচলিত দল নির্বাচনের ধারা থেকে বেরিয়ে ক্লপের এ সিদ্ধান্তে সুযোগ পাচ্ছেন একাধিক নতুন মুখ।

খেলোয়াড়দের ওপর চাপ কমানো এবং বেশি সংখ্যক খেলোয়াড়কে দেখার সুযোগ তৈরি করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জার্মানির নতুন কোচ। ক্লপের অধীনে জার্মানি প্রথম ম্যাচ খেলবে ২৪ সেপ্টেম্বর, আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ২৭ সেপ্টেম্বর গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে খেলবে দলটি। দ্বিতীয় স্কোয়াডের ম্যাচ দুটি সার্বিয়ার বিপক্ষে ১ অক্টোবর এবং গ্রিসের বিপক্ষে ৪ অক্টোবর।

দুটি স্কোয়াড ঘোষণা করলেও কোনো দলকে প্রথম বা দ্বিতীয় সারির হিসেবে দেখতে রাজি নন ক্লপ। ফ্রাঙ্কফুর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা কোনো এ বা বি দল তৈরি করিনি। আমরা চারটি ম্যাচই জিততে চাই।’

দুটি দলে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে পজিশন, খেলোয়াড়দের বৈশিষ্ট্য, অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ক্লপের লক্ষ্য, যত বেশি সম্ভব খেলোয়াড়কে কাছ থেকে দেখা এবং তাঁদের সম্পর্কে ধারণা নেওয়া, ‘মূল কারণ হলো, আমাদের দুই সপ্তাহে চারটি ম্যাচ খেলতে হবে, যা জাতীয় দলের জন্য খুবই অস্বাভাবিক।’

দুটি ভিন্ন স্কোয়াড ঘোষণা করা হলেও একটি ব্যতিক্রম অবশ্য আছে। দুই স্কোয়াডেই রাখা হয়েছে গোলকিপার ফিন দাহমেনকে। প্রথম স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়কে পরের সপ্তাহেও দলের সঙ্গে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জার্মান কোচ।

জুন-জুলাইয়ে হওয়া ফিফা বিশ্বকাপের দলের ১৬ জন আছেন ক্লপের প্রথম দুই স্কোয়াডে। আর প্রথমবার দলে ডাক পেয়েছেন ১১ জন। দীর্ঘ ১৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন। তবে কোনো স্কোয়াডে নেই লেরয় সানে ও ডেনিস উনদাভ।