তিন বছরের জন্য চেলসিতে যোগ দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ
তিন বছরের জন্য চেলসিতে যোগ দিয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ

চেলসি জানাল, এমি মার্তিনেজ এখন ‘ব্লু’

প্রিমিয়ার লিগে স্ট্যামফোর্ড ব্রিজে নামার কয়েক ঘণ্টা আগে চেলসি সমর্থকদের শেষ মুহূর্তে একটা চমক উপহার দিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে লন্ডনের ক্লাবটি। ক্লাবের জার্সিতে চুক্তির টেবিলে বসা মার্তিনেজের ছবি পোস্ট করে তারা ক্যাপশনে লিখেছে, ‘এমিলিয়ানো একজন ব্লু’।

৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন সর্বশেষ ছয় মৌসুম কাটিয়েছেন অ্যাস্টন ভিলায়। সেখান থেকে তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন ৭৫ লাখ পাউন্ডে।

গত মৌসুমে ভিলা ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আর ঠিকানা বদল হয়নি তাঁর। তবে চলতি দলবদল মৌসুমের শুরুতেই জাপানি গোলকিপার জায়ন সুজুকিকে ভিলা দলে নেওয়ায় মার্তিনেজের ক্লাব ছাড়া একরকম নিশ্চিতই ছিল। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দেওয়া নিয়ে আলোচনা জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডেই থেকে গেলেন এই অভিজ্ঞ গোলকিপার।

লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবে নাম লিখিয়ে এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘এই ক্লাবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য খুব সহজ ছিল। মাঠে নামার জন্য আর তর সইছে না।’

চেলসিতে ১ নম্বর গোলকিপার হিসেবে খেলবেন এমিলিয়ানো

দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা দলের ১ নম্বর গোলকিপার মার্তিনেজ। পরপর দুটি কোপা আমেরিকা জেতার মাঝে জিতেছেন ২০২২ বিশ্বকাপ। তিনটি টুর্নামেন্টেই তিনি ছিলেন সেরা গোলকিপার। এবারও ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলেছেন মার্তিনেজ। তাঁর চোখ এখন চেলসির ট্রফি ক্যাবিনেটে, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন যে যা-ই করি না কেন, কেবল জিততে চাই। সেই জয়ের মানসিকতাই এই ক্লাবে নিয়ে এসেছি, কারণ, চেলসি ট্রফি জেতার মতো ক্লাব।’

আর্জেন্টিনা জাতীয় দলের মতো চেলসিতেও ১ নম্বর গোলকিপার হিসেবে খেলবেন মার্তিনেজ। সবকিছু ঠিক থাকলে আজই স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির নীল জার্সিতে তাঁর অভিষেক হয়ে যেতে পারে।

গত সোমবারে নতুন কোচ জাবি আলোনসোর অধীন ফুলহামের বিপক্ষে ৩-২ গোলে জিতেছিল চেলসি। তবে জয় পেলেও কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল চেলসির স্প্যানিশ গোলকিপার রবার্ত সানচেজকে। তাঁর গোলপোস্টের নিচের দুর্বলতা সমর্থকদের উদ্বেগ বাড়াচ্ছিল। আগে মরিসিও পচেত্তিনো, এনজো মারেসকা ও লিয়াম রোজেনিয়রদের কোচিং কালেও ফর্মহীনতার কারণে সানচেজকে একাধিকবার মূল স্কোয়াড থেকে ছিটকে যেতে হয়েছিল। মার্তিনেজ আসায় চেলসির সেই চিন্তার মেঘ অন্তত দূর হলো।