জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক ও ক্রিস্টিয়ানো রোনালদোর মাইলফলক ছোঁয়া গোলে গতকাল রাতে সৌদি প্রো লিগে আল শাবাবকে ৪–২ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন রোনালদোরা। পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে আল নাসর, নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে তারা এগিয়ে ৫ পয়েন্ট ব্যবধানে।
৩২ ম্যাচে আল নাসরের পয়েন্ট ৮২। দ্বিতীয় আল হিলালের পয়েন্ট ৩১ ম্যাচে ৭৭। তিনটি ম্যাচ হাতে রয়েছে আল হিলালের, আল নাসরের হাতে আছে দুই ম্যাচ।
সৌদি প্রো লিগে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। ম্যাচটি জিতলেই সৌদি আরবে রোনালদোর প্রথম লিগ শিরোপা নিশ্চিত হবে।
কারণ, এই ম্যাচ জিতলে আল নাসরের পয়েন্ট হবে ৮৫। তখন নিজেদের শেষ দুই ম্যাচ জিতলেও আল হিলালের পয়েন্ট হবে সর্বোচ্চ ৮৩। ফলে আল হিলালের পক্ষে তখন আর আল নাসরকে ছোঁয়া সম্ভব হবে না। তবে সেই ম্যাচে কোনোভাবে হেরে গেলে বিপদে পড়তে হতে পারে রোনালদোদের।
কিং ফাহাদ স্টেডিয়ামে প্রথম ১০ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন ফেলিক্স। তবে প্রথমার্ধের শেষ দিকে ইয়ান্নিক কারাসকো একটি গোল শোধ করলে বিরতিতে যাওয়ার সময় স্কোরলাইন ছিল ২–১।
বিরতির পর ৭৫ মিনিটে ৪১ বছর বয়সী রোনালদো গোল করেন। সাদিও মানের ক্রস থেকে বল জালে পাঠান পর্তুগিজ মহাতারকা। এর মধ্য দিয়ে সৌদি লিগে নিজের শততম গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। সৌদি লিগে গোলের সেঞ্চুরি ছুঁতে মাত্র ১০৫ ম্যাচ লেগেছে পর্তুগিজ কিংবদন্তির।
পাশাপাশি এটি ছিল তাঁর ক্যারিয়ারের ৯৭১তম গোল। অর্থাৎ হাজারতম গোলের দেখা পেতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ২৯ গোল। চলতি মৌসুমে লিগে এটি ছিল তাঁর ২৬তম গোল। রোনালদোর গোলের পর ৮০ মিনিটে এক গোল শোধ করে আল শাবাব। তবে যোগ করা সময়ে আরও একটি গোল করে হ্যাটট্রিক তুলে নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন ফেলিক্স।
ম্যাচ শেষে রোনালদোকে নিয়ে আল নাসর কোচ হোর্হে জেসুস বলেছেন, ‘আক্রমণে রোনালদো সব সময়ই ভয়ংকর, আজও আমরা সেটাই দেখেছি।’ এ সময় আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়েও কথা বলেন তিনি, ‘এখন আমাদের সামনে প্রতিদ্বন্দ্বীদের (আল হিলাল) বিপক্ষে ডার্বি ম্যাচ। এটি খুব কঠিন একটি লড়াই হবে। ম্যাচটির গুরুত্ব সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন। তাই সর্বোচ্চ মনোযোগ দিয়েই প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা জানি, খুব ছোট ছোট বিষয়ও ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে।’
লিগ শিরোপার পাশাপাশি একই সপ্তাহে আরও একটি ট্রফি জয়ের সুযোগ আছে আল নাসরের। আগামী ১৬ মে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ট্যুর ফাইনালে শিরোপার জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ গামবা ওসাকা।