ইউরোপিয়ান ফুটবলে শিরোপার লড়াইয়ে থাকা বেশিরভাগ বড় দল নিজেদের কক্ষপথেই রয়েছে। লা লিগার শিরোপা দৌড়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে বার্সেলোনা সুবিধাজনক অবস্থানে আছে। অন্যদিকে, প্রিমিয়ার লিগে আর্সেনাল এক ম্যাচ বেশি খেললেও নিকটতম প্রতিদ্বন্দ্বী সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার লাগাম নিজেদের হাতেই রেখেছে।
ইতালিয়ান সিরি ‘আ’তে ইন্টার মিলান গত সপ্তাহে হারের মুখ দেখলেও পয়েন্ট তালিকায় এখনো ভালো ব্যবধানেই শীর্ষস্থান ধরে রেখেছে তারা, আর বুন্দেসলিগার দাপুটে পারফরম্যান্সে বায়ার্ন মিউনিখ এখনই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। তবে এই লিগগুলোর তুলনায় ফরাসি লিগ ‘আঁ’তে দৃশ্যপট বারবার নাটকীয়ভাবে বদলাচ্ছে। পিএসজির আকস্মিক হারের সুযোগ কাজে লাগিয়ে শিরোপার লড়াইয়ে আবার ফিরে এসেছে লাঁস। এখন পিএসজি টেবিলের শীর্ষে থাকলেও ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ১ পয়েন্টে।
লা লিগায় টানা তিন ম্যাচ জিতে শিরোপা জয়ের পথে দারুণভাবে এগিয়ে আছে বার্সেলোনা। সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ১–০ গোলে হারিয়েছে তারা। ২৭ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ৬৭। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। রিয়াল গত সপ্তাহে সেল্তা ভিগোকে ২–১ গোলে হারিয়ে টানা দুই হারের পর জয়ে ফিরেছে।
টানা তিন জয়ে শিরোপা দৌড়ে এগিয়ে আর্সেনাল। ৩০ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৭, যারা সর্বশেষ ম্যাচে ব্রাইটনকে হারিয়েছে ১–০ গোলে। বিপরীতে আর্সেনালের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় থাকা ম্যানচেস্টার সিটি সর্বশেষ ম্যাচে নটিংহাম ফরেস্টের সঙ্গে ২–২ ড্র করেছে। সব মিলিয়ে আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্টের পার্থক্য এখন ৭।
গতকাল রাতে মিলান ডার্বিতে এসি মিলানের কাছে হেরে গেছে ইন্টার। ১–০ গোলের এই হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ভালোভাবে ধরে রাখতে পেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৮ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৬৭, সমান ম্যাচে এসি মিলানের ৬০। মৌসুমের বাকি ১০ ম্যাচে মিলান নাটকীয় কিছু করতে পারে কি না দেখার বিষয়।
বুন্দেসলিগায় একের পর এক ম্যাচ জিতে ক্রমশ ট্রফির কাছে পৌঁছে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। লিগে সর্বশেষ মনশেনগ্লাডবাখকে তারা হারিয়েছে ৪–১ গোলের ব্যবধানে। এখন বায়ার্নের পয়েন্ট ২৫ ম্যাচে ৬৬। অন্য দিকে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানো বরুসিয়া ডর্টমুন্ডও গত সপ্তাহে জয়ে ফিরেছে, নিজেদের ম্যাচে কোলনকে হারিয়েছে ২–১ গোলে। ডর্টমুন্ডের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৫। অর্থাৎ, ৩৪ ম্যাচের লিগে বায়ার্ন এখন ১১ পয়েন্টে এগিয়ে।
ফরাসি লিগে পিএসজি ও লাঁসের মধ্যকার লড়াই নতুন মাত্রা পেয়েছে। সর্বশেষ ম্যাচে মোনাকোর কাছে ৩–১ গোলে হেরে গেছে পিএসজি। এই হারের পর ২৫ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৭। অন্য দিকে লাঁস ৩–০ গোলে হারিয়েছে মেৎসকে। এর ফলে ২৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৫৬। পিএসজি–লাঁসের পয়েন্টের পার্থক্য মাত্র ১। এর আগে কয়েক সপ্তাহ লাঁস সামনে থাকলে পিএসজি ঘুরে দাঁড়িয়ে ৪ পয়েন্টে এগিয়ে গিয়েছিল। এই লিগের শেষ ১৩ ম্যাচে আরও নাটকীয়তার আশা দর্শক করতেই পারেন।