বার্সেলোনার জার্সিতে লামিনে ইয়ামাল
বার্সেলোনার জার্সিতে লামিনে ইয়ামাল

ব্যালন ডি’অর নিয়ে ইয়ামাল কি কেইনকে খোঁচা দিলেন

ব্যালন ডি’অর অনুষ্ঠানের এখনো এক মাসের বেশি বাকি। কিন্তু এ নিয়ে রোমাঞ্চটা যেন এবার একটু আগেভাগেই টের পাওয়া যাচ্ছে। ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে থাকা ফুটবলাররাই তা একরকম উসকে দিচ্ছেন। কেউ বলছেন আমিই প্রাপ্য, কেউ আবার সরাসরি তা না বললেও গত মৌসুমে তাঁর গোলের সংখ্যা দেখতে বলছেন।

স্পেন তারকা লামিনে ইয়ামালও মনে করেন, ব্যালন ডি’অরটা প্রাপ্য তাঁর। এক সাক্ষাৎকারে বলা তাঁর কথায় অনেকে তো খুঁজে পাচ্ছেন ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের জন্য খোঁচাও। ইংল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা কেইনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যালন ডি’অর পাওয়ার ব্যাপারে আপনার ভাবনা কী?

গত মৌসুমে বায়ার্ন ও ইংল্যান্ডের হয়ে নিজের গোলসংখ্যা মনে করিয়ে তিনি বলেছিলেন, ‘ব্যালন ডি’অর তো আর আমার হাতে নেই, এটা সম্পূর্ণ নির্ভর করে ভোটদাতাদের ওপর...৭৩ গোলই সব বলে দিচ্ছে।’
এদিকে সাবেক ফুটবলার হোর্হে ভালদানোকে দেওয়া সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল বলেছেন, ‘আমি মনে করি, ব্যালন ডি’অর বিশ্বের সেরা খেলোয়াড়ের পাওয়া উচিত, এমন কারও নয় যে ৮০ গোল করেছে। কারণ, আপনি ৮০ গোল করলে তার জন্য গোলদাতার আলাদা পুরস্কার পাবেন। এ দুটো সম্পূর্ণ আলাদা বিষয়, যেটা মানুষ বোঝে না।’

বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন

ইয়ামাল সরাসরি কারও নাম না বললেও তাঁর এই কথাতেই কেইনকে খোঁচা দেওয়া হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। মোভিস্টারে প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় তিনিই, ধারাভাষ্যকার হিসেবে যাঁর খেলা দেখার সময় আপনি আনন্দ পাবেন এবং যাকে দেখে আপনার মনে হবে এই খেলোয়াড়টা অন্যদের চেয়ে আলাদা।’

রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং পিএসজি তারকা উসমান দেম্বেলের পাশাপাশি কেইন ও ইয়ামালকেও এবার ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার মনে করা হচ্ছে। বিশেষ করে ইয়ামাল ও এমবাপ্পে সম্প্রতি নিজেরাই তাঁদের ব্যালন ডি’অর পাওয়া উচিত, এমন কথা বলে আলোচনায় এসেছেন।

ইয়ামাল এই সাক্ষাৎকারেও বলেছেন, ‘এমবাপ্পে এবং আমি—আমরা দুজনই বিশ্বের সেরা, তবে আমার মনে হয় এ বছর এটা আমারই প্রাপ্য। আমার কাছে বিষয়টি একদম পরিষ্কার, আর যারা খেলা দেখে, তারা সবাই তা জানে।’

গত বছর ইয়ামাল বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট আছে তাঁর। তবে ফুটবলের সেরা এই ব্যক্তিগত পুরস্কার জয়ের ক্ষেত্রে তাঁর সবচেয়ে বড় সম্বল হতে যাচ্ছে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়।