
‘মাঠের ভেতর র্যাঙ্কিং খেলে না, বরং খেলোয়াড়েরাই জয়-পরাজয় নির্ধারণ করে। আমি র্যাঙ্কিংয়ের পরিসংখ্যানে বিশ্বাস করি না’—নারী এশিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগে এভাবেই নিজের সতর্ক অবস্থান জানালেন উজবেকিস্তানের কোচ কোত্রিনা কুলবিতে।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে থাকলেও (উজবেকিস্তান ৪৯, বাংলাদেশ ১১২), মনিকা-মারিয়াদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না উজবেক কোচ। বরং আগামী ৯ মার্চে এই ম্যাচকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে উজবেক শিবির।
নারী এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচের মধ্যে উজবেকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা একটু বেশি। তবে পার্থে সেই লড়াইয়ের আগে লাল-সবুজের প্রতিনিধিদের দাঁড়াতে হবে চীন ও উত্তর কোরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের সামনে।
আজ বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে এই ম্যাচে উজবেকিস্তান ৩-০ গোলে হেরেছে তিনবারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে। ম্যাচের দশম মিনিটেই চোটের কারণে মূল গোলকিপারকে হারিয়ে চাপে পড়ে উজবেকিস্তান।
প্রথমার্ধেই তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়েছিল উজবেকরা। এই তিনটি গোলই করে হ্যাটট্রিক তুলে নেন উত্তর কোরিয়ার মিয়ং ইউ-জং। ৬ মিনিটে আসে প্রথম গোল। এরপর ২৪ ও ৪১ মিনিটে দুটি গোল আসে পেনাল্টি থেকে। তবে বিরতির পর উজবেকিস্তান রক্ষণকাজটা খুব ভালোভাবে করতে পেরেছে। তাই আর কোনো গোল হয়নি। প্রথম ম্যাচে এই হারের ফলে ৯ মার্চ বাংলাদেশ ম্যাচটি এখন উজবেকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে তাদের সামনে।
উত্তর কোরিয়ার কাছে হারের পর সংবাদ সম্মেলনে এসে উজবেকিস্তানের কোচ কোত্রিনা কুলবিতে বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, র্যাঙ্কিং নয়, মাঠের খেলাই আসল। কোত্রিনা কুলবিতের ভাষায়, ‘বাংলাদেশকে নিয়ে আমরা বিশ্লেষণ শুরু করেছি এবং আজ চীনের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি নেব।’ কোচ আরও বলেছেন, ফুটবলে অনেক সময় নিম্ন র্যাঙ্কিংয়ের দলও জয়ী হয়, তাই মাঠের লড়াইয়ের জন্য তাঁরা নিজেদের প্রস্তুত রাখছেন।
অন্যদিকে উজবেকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করা উত্তর কোরিয়ার ফরোয়ার্ড মিয়ং ইউ–জং এই সাফল্যের কৃতিত্ব পুরো দলকে দিয়েছেন। ম্যাচসেরার পুরস্কার পাওয়া মিয়ং বলেছেন, ‘এটা আমার একার কৃতিত্ব নয়। পুরো দলের কৃতিত্ব।’
৬ মার্চ উত্তর কোরিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। সাধারণত শক্তিশালী দলের বিপক্ষে কম শক্তির দল রক্ষণাত্মক বা ‘লো ব্লক’ পদ্ধতিতে খেলে। এ নিয়ে উত্তর কোরিয়ার কোচ রি সং হোকে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে গোল পেতে কিছুটা সমস্যা হতে পারে তাঁর দলের। তবে বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেবেন না বলে জানিয়ে দিয়েছেন, ‘রক্ষণ ভাঙতে এবং কাঙ্ক্ষিত গোল পেতে প্রয়োজনে নিজেদের কৌশলে পরিবর্তন আনব আমরা।’