ফুটবলে দলবদল। যেখানে শত শত কোটি ইউরো আর ডলারের লেনদেনে রাতারাতি বদলে যায় খেলোয়াড়দের ভাগ্য, ট্রফির স্বপ্ন দেখে কোনো ক্লাব। কিন্তু মাঠের বাইরের এই বিশাল আর্থিক চুক্তিগুলো আসলে কীভাবে হয়? চলুন জানা যাক।
সহজ ভাষায়, ফুটবল ট্রান্সফার হলো দুটি ক্লাবের মধ্যকার একটি ব্যবসায়িক চুক্তি, যার মাধ্যমে একজন খেলোয়াড় এক দল থেকে অন্য দলে পাড়ি জমান। কোনো খেলোয়াড় যদি বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকেন, তবে তাঁকে দলে টানতে আগ্রহী ক্লাবকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হয় ‘ট্রান্সফার ফি’। এই যেমন কদিন আগে ফরাসি ক্লাব লিল থেকে মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে কিনতে ম্যানচেস্টার সিটি খরচ করেছে ৯ কোটি ৫০ লাখ ইউরো।
সব খেলোয়াড়ের ট্রান্সফার ফি এক হয় না। একটি ক্লাবের চাওয়া এবং অন্য ক্লাবের দেওয়ার সামর্থ্যের ওপর নির্ভর করে নির্ধারিত হয় এই অর্থ। সাধারণত খেলোয়াড়ের বর্তমান পারফরম্যান্স, বয়স, ভবিষ্যৎ সম্ভাবনা, বিজ্ঞাপনী বা বাণিজ্যিক মূল্য এবং চুক্তির মেয়াদ কতটা বাকি আছে—এই সবকিছুর ওপর ভিত্তি করে ঠিক হয় ট্রান্সফার ফি।
পুরো প্রক্রিয়াটি কিন্তু এক দিনে হয় না। এর পেছনে থাকে দীর্ঘদিনের স্কাউটিং এবং সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে দেওয়ার মনস্তাত্ত্বিক খেলা। প্রথমে আগ্রহী ক্লাব খেলোয়াড়ের বর্তমান দলকে একটি অফিশিয়াল প্রস্তাব দেয়। বিক্রিতে সম্মতি থাকলে খেলোয়াড় তাঁর এজেন্টের সঙ্গে কথা বলেন। দুই ক্লাব ট্রান্সফার ফি ও অন্যান্য শর্তে একমত হওয়ার পর শুরু হয় আসল কাজ, খেলোয়াড়ের সঙ্গে নতুন চুক্তির দর–কষাকষি। সেখানে সাপ্তাহিক বেতন, সাইনিং-অন বোনাস ও পারফরম্যান্স বোনাসের মতো বিষয়গুলো চূড়ান্ত করা হয়।
দলবদলের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন খেলোয়াড়দের এজেন্টরা। জর্জ মেন্দেস কিংবা প্রয়াত মিনো রাইওলার মতো ‘সুপার এজেন্ট’রা কেবল খেলোয়াড়ের বেতনের অংশ বা ট্রান্সফার বোনাস নিয়েই ভাবেন না, তাঁরা ক্লাবের নীতিনির্ধারকদের সঙ্গে দর–কষাকষি থেকে শুরু করে খেলোয়াড়ের পুরো ক্যারিয়ারের অনেক সিদ্ধান্তই নেন।
অফিশিয়াল পথ এড়িয়ে কোনো ক্লাব যদি গোপনে খেলোয়াড়কে দলবদলে রাজি করানোর চেষ্টা করে, ফুটবলের ভাষায় তাকে বলা হয় ‘ট্যাপিং আপ’। নিয়মানুযায়ী এটি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ফুটবলের পর্দার আড়ালে অহরহই ঘটে। কর্তৃপক্ষের জন্য এই গোপন দর–কষাকষি প্রমাণ করা বেশ কঠিন।
চুক্তির মেয়াদ শেষে কোনো খেলোয়াড় যদি বিনা মূল্যে নতুন দলে যোগ দেন, তবে তাঁকে বলা হয় ‘ফ্রি ট্রান্সফার’। ১৯৯৫ সালের ঐতিহাসিক ‘বোসম্যান রুলিং’-এরপর নিয়ম হয়—চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস বাকি থাকতেই খেলোয়াড়েরা অন্য যেকোনো ক্লাবের সঙ্গে আগাম আলোচনা বা প্রি-কনট্রাক্ট সই করতে পারেন।
কোনো ক্লাব যদি বারবার আসা অফার ফিরিয়ে দেয় এবং খেলোয়াড়কে ছাড়তে রাজি না হয়, তখন খেলোয়াড় নিজেই ক্লাবের কাছে আনুষ্ঠানিকভাবে ‘ট্রান্সফার রিকোয়েস্ট’ জমা দিতে পারেন। এটি মূলত খেলোয়াড়ের অসন্তোষের জনসম্মুখের বহিঃপ্রকাশ, যা অন্য ক্লাবগুলোকে বার্তা দেয় ‘আমাকে এসে নিয়ে যাও’।
ফুটবলের দলবদলের জগতে এটি এক ধরনের ‘শর্টকাট দরজা’। দরকষাকষির লম্বা পথ এড়িয়ে সরাসরি খেলোয়াড়কে নেওয়ার সুযোগ।
রিলিজ ক্লজ, বা বাইআউট ক্লজ, হলো খেলোয়াড়ের চুক্তিতে আগে থেকেই নির্ধারিত একটি নির্দিষ্ট অর্থের অঙ্ক। কোনো ক্লাব যদি সেই নির্দিষ্ট অঙ্ক পরিশোধ করতে রাজি থাকে, তাহলে বিক্রয়কারী ক্লাব আর না বলতে পারে না। অর্থাৎ, দরকষাকষির সুযোগ থাকে না।
সহজ করে বললে, এটি এক ধরনের ‘মূল্য ট্যাগ’। সেই টাকাটা দিলেই খেলোয়াড়কে নিয়ে যাওয়া সম্ভব।
ধরা যাক, কোনো খেলোয়াড়ের চুক্তিতে রিলিজ ক্লজ আছে ১০০ মিলিয়ন ইউরো। এখন অন্য কোনো ক্লাব যদি সেই পুরো অঙ্ক দিতে রাজি হয়, তাহলে বর্তমান ক্লাব বাধ্য তাকে ছাড়তে।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্লাবের সঙ্গে আলাদা করে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা করতে হয় না। আগেই চুক্তিতে সব নির্ধারিত।
তবে এখানেই সব শেষ নয়। ক্লাবের বাধ্যবাধকতা থাকলেও খেলোয়াড়ের সম্মতি জরুরি। নতুন ক্লাবের সঙ্গে বেতন, চুক্তির মেয়াদ, ভূমিকা—এসব নিয়ে আলাদা সমঝোতা করতেই হবে।
ইচ্ছেমতো যেকোনো সময় খেলোয়াড় কেনাবেচা করা যায় না। ফিফা ও সংশ্লিষ্ট দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম মেনে বছরের দুটি নির্দিষ্ট সময়ে দলবদল করতে হয়, যা ‘ট্রান্সফার উইন্ডো’ নামে পরিচিত।
গ্রীষ্মকালীন উইন্ডো: মৌসুম শেষের পর প্রায় তিন মাস ধরে চলে। নতুন মৌসুমের আগে দলগুলো ঠান্ডা মাথায় দল গোছানোর সুযোগ পায়।
শীতকালীন (জানুয়ারি) উইন্ডো: চলে মাত্র এক মাস। মৌসুমের মাঝে চোটের ধাক্কা সামলাতে বা দলের জরুরি সংকট কাটাতে এই উইন্ডো ব্যবহৃত হয়।
শত কোটি টাকার ট্রান্সফার ফি কিন্তু ক্লাবগুলো একবারে পরিশোধ করে না। সাধারণত খেলোয়াড়ের চুক্তির মেয়াদের ওপর ভিত্তি করে কিস্তিতে এই অর্থ দেওয়া হয়। চুক্তিপত্রে প্রায়ই থাকে ‘অ্যাড-অনস’ বা পারফরম্যান্সভিত্তিক বোনাসের শর্ত (যেমন নির্দিষ্টসংখ্যক গোল করলে বা ট্রফি জিতলে বাড়তি টাকা)। এ ছাড়া অনেক সময় যুক্ত থাকে ‘সেল-অন ক্লজ’, অর্থাৎ ভবিষ্যতে ওই খেলোয়াড়কে অন্য ক্লাবে বিক্রি করা হলে লাভের একটি নির্দিষ্ট শতাংশ পাবে আগের ক্লাব।
ট্রান্সফারের সবচেয়ে বড় ভুল–বোঝাবুঝি এখানেই। অনেকেই ভাবেন যে কোটি কোটি টাকা দিয়ে একজন খেলোয়াড়কে কেনা হয়, সেই টাকা সরাসরি খেলোয়াড়ের পকেটে যায়। বাস্তবতা ভিন্ন। ট্রান্সফার ফি আসলে পুরোটা যায় বিক্রয়কারী ক্লাবের কাছে। খেলোয়াড় সেই টাকা পান না। তিনি পান নিজের বেতন, সাইনিং বোনাস এবং অন্যান্য চুক্তিভিত্তিক সুবিধা। তবে কিছু ক্ষেত্রে খেলোয়াড় ‘সাইনিং অন বোনাস’ বা লয়্যালটি বোনাস হিসেবে বড় অঙ্কের অর্থ পেতে পারেন। কিন্তু সেটি ট্রান্সফার ফির অংশ নয়, আলাদা চুক্তি।
এজেন্টের আয় নির্ভর করে তিনি কাকে প্রতিনিধিত্ব করছেন তার ওপর। সাধারণভাবে দুইভাবে তারা অর্থ পান—এক. খেলোয়াড়ের বেতনের একটি অংশ থেকে কমিশন
দুই. ট্রান্সফার ফি থেকে নির্দিষ্ট শতাংশ। খেলোয়াড় বা নতুন ক্লাবের হয়ে কাজ করলে এজেন্টরা সাধারণত খেলোয়াড়ের বেতনের প্রায় ৩ থেকে ৫ শতাংশ পান। আর যদি বিক্রয়কারী ক্লাবের হয়ে কাজ করেন, তাহলে ট্রান্সফার ফির প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমিশন পেতে পারেন।
বাস্তবে এই অঙ্ক কখনো কখনো আরও বেশি বা কম হতে পারে। আগে অনেক ক্ষেত্রে ৫ থেকে ১০ শতাংশ, এমনকি তারও বেশি কমিশন দেখা গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, বেশির ভাগ সময় এই কমিশন সরাসরি খেলোয়াড় দেন না। অনেক ক্ষেত্রে ক্রয়কারী ক্লাবই এজেন্টের ফি পরিশোধ করে দেয়।
দুই ক্লাবের সমঝোতা আর পার্সোনাল টার্মস চূড়ান্ত হওয়ার পর খেলোয়াড়কে দিতে হয় মেডিক্যাল পরীক্ষা। আন্তর্জাতিক দলবদলের ক্ষেত্রে পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে ব্যবহার করা হয় ফিফার অনলাইন প্ল্যাটফর্ম ‘ট্রান্সফার ম্যাচিং সিস্টেম’ (টিএমএস)। এ ছাড়া বিভিন্ন দেশে বিদেশি খেলোয়াড়দের খেলার জন্য প্রয়োজন হয় ‘ওয়ার্ক পারমিট’ বা কাজের অনুমতি।