সতীর্থদের নিয়ে অনুশীলনে অধিনায়ক সাবিনা খাতুন (মাঝে)
সতীর্থদের নিয়ে অনুশীলনে অধিনায়ক সাবিনা খাতুন (মাঝে)

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

পাকিস্তানের বিপক্ষে গোল বাড়িয়ে নিতে চায় বাংলাদেশের মেয়েরা

ফুটবলার থেকে হঠাৎ ফটোগ্রাফার হয়ে গেলেন কৃষ্ণা রানী সরকার। মাঠের এক পাশে কৃষ্ণা যখন ক্যামেরা হাতে ছবি তুলছিলেন, অন্য পাশে সেলফি তুলতে ব্যস্ত আঁখি খাতুন।

কৃষ্ণার ক্যামেরা দিয়ে এক ফাঁকে মাসুরা পারভীনও ছবি তোলার চেষ্টা করলেন। পাহাড়ের কোলঘেঁষা কাঠমান্ডুর হালচকে অবস্থিত আর্মড পুলিশ ফোর্স সদর দপ্তরের মাঠে কাল সকালে মেয়েদের ফুটবল নিয়ে ব্যস্ততা বেশি ছিল না।

সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। তবে এই জয়ের উচ্ছ্বাসে ভেসে যায়নি দল। খেলা শেষে টিম হোটেলে ফিরে প্রথাগত কোনো আনন্দ-উৎসব করেননি সাবিনা খাতুনেরা। মালদ্বীপের ম্যাচটিকে লক্ষ্য পূরণের প্রথম সিঁড়ি হিসেবেই দেখছেন ফুটবলাররা। অনুশীলনে এসে একটু নির্ভার রইলেন প্রথম ম্যাচের একাদশে থাকা সবাই। ক্যামেরা নিয়ে খুনসুটি ছিল ফুটবলারদের সেই উচ্ছ্বাসেরই অংশ।

মালদ্বীপের ম্যাচের ধকল কাটিয়ে উঠতে প্রথমে গতকাল ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন কোচ গোলাম রব্বানী। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল হয়। সকালেই দল নিয়ে আর্মড পুলিশ ফোর্স মাঠে ছোটেন কোচ।

অনুশীলনের ফাঁকে ক্যামেরা হাতে কৃঞ্চা

কোচের বিশ্রামের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ একটাই—মালদ্বীপের ম্যাচের অতৃপ্তি। প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত ৩ পয়েন্টে ঠিকই পেয়েছে বাংলাদেশ। কিন্তু তুলনামূলক দুর্বল দ্বীপ দেশটির বিপক্ষে মাত্র ৩টি গোল করেছেন সাবিনারা। নষ্ট করেছেন একাধিক সহজ সুযোগ।

গ্রুপের অন্য ম্যাচে ভারত ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে পাকিস্তানকে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে গোলের গড়টা এ ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। তাই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে গোল বাড়িয়ে নেওয়ার একটা পরিকল্পনা থাকবে বাংলাদেশের।

আট বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি স্কোরিংয়েও নজর দেওয়ার চেষ্টা রয়েছে ফুটবলারদের। কাল অনুশীলন শেষে ডিফেন্ডার মাসুরার কণ্ঠে শোনা গেল সে কথাই, ‘আমাদের লক্ষ্য পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া। মালদ্বীপের সঙ্গে গোল পাইনি, কারণ, ওদের এগারোজনই পোস্টের সামনে দাঁড়িয়ে ছিল। তবে পাকিস্তানের সঙ্গে অন্য রকম খেলতে হবে আমাদের। অবশ্যই বেশি গোল পেতে হবে।’

কাল যদিও শুধু একাদশের বাইরে থাকা ফুটবলারদের ভারী অনুশীলন করানো হয়েছে। ডিফেন্ডার আনাই মগিনি বাঁ পায়ে চোট পাওয়ায় কয়েক দিন ধরে অনুশীলনই করতে পারছেন না। পাকিস্তানের বিপক্ষে তাঁকে না পাওয়ার সম্ভাবনা বেশি।

পাকিস্তানের বিপক্ষে যত বেশি সম্ভব গোল করতে চায় মেয়েরা

প্রথম ম্যাচে মালদ্বীপের গোলরক্ষক আমিনাথ লিজাকে একা পেয়েও গোল করতে পারেননি কৃষ্ণা। একটু আফসোস থাকলেও সেটা ভুলে নজর দিতে চান পাকিস্তানের ম্যাচে, ‘আসলে আমি জিরো অ্যাঙ্গেল থেকে শট নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বলটা বাইরে চলে যায়। কোচ বলেছেন, পেছনে যা হয়েছে ভুলে যাও। সামনের ম্যাচ নিয়ে ভাবো। আশা করি, পাকিস্তানের বিপক্ষে এমন ভুল হবে না।’

দ্বিতীয় ম্যাচে গোলের আশায় আছেন মারিয়া মান্দাও, ‘প্রথম ম্যাচে অনেক সুযোগ বের করেছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। তবে দ্বিতীয় ম্যাচে গোল বের করব। প্রথম ম্যাচের চেয়ে ভালো খেলার চেষ্টা করব।’