আজ দুপুরে ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণ ঢেকে গিয়েছিল শোকের চাদরে। যে ক্লাবকে নিজের হাতে গড়ে তুলেছিলেন, আজ বাদ জোহর সেখানেই অনুষ্ঠিত হলো হারুনুর রশীদের শেষবিদায়ের জানাজা। অশ্রুসজল চোখে শত শত ক্রীড়াবিদ-সংগঠক-সাধারণ মানুষ বিদায় জানালেন তাঁদের প্রিয় অভিভাবককে। জানাজার আগে আবাহনীর চিরচেনা পতাকায় মুড়িয়ে দেওয়া হয় এই কিংবদন্তি সংগঠকের কফিন।
সেখানে সাবেক ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় ও সংগঠকেরা স্মৃতিকাতর হয়ে পড়েন। ক্লাবের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে স্তব্ধ হয়ে যায় পুরো প্রাঙ্গণ। জানাজা শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে এই সংগঠকের মরদেহ নিয়ে যাওয়া হয় জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়, সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।
নিভে গেল এ দেশের আধুনিক ফুটবল আন্দোলনের অন্যতম পথপ্রদর্শকের জীবন। ১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অনেক দিন ধরেই ছিলেন অসুস্থ, চলাফেরা করতে পারতেন না।
অবস্থার অবনতি হলে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাঁকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাত সাড়ে ১২টার দিকে না ফেরার দেশে চলে যান ৭৭ বছর বয়সী এই ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি স্ত্রী, দুই মেয়ে রেখে গেছেন।
১৯৭৭ সালে যাঁর অধিনায়কত্বে আবাহনী ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে প্রথমবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়, সেই শেখ আশরাফ আলী জানাজায় এসে বলেন, ‘আবাহনী আর হারুন ভাই ছিলেন একে অন্যের পরিপূরক। ক্লাবের সুখে-দুঃখে বরাবরই তিনি পাশে ছিলেন। ক্লাবটি দাঁড় করিয়ে রেখেছিলেন হারুন ভাই। ক্লাবে অনেক কর্মকর্তাই এসেছেন, কিন্তু হারুন ভাইয়ের অবদান সবার চেয়ে বেশি, এক শ ভাগ।’
জানাজায় আসা চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির গভীর শ্রদ্ধা প্রকাশ করে বলেন, ‘হারুন ভাইয়ের মতো এত বিনয়ী সংগঠক আমার জীবনে দেখিনি। এমন সংগঠক হারানো বাংলাদেশের ফুটবলের জন্য বিরাট ক্ষতি।’
কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম স্মৃতি উসকে দিয়ে পেছনে ফেরেন, ‘স্বাধীনতার পর আমাদের ক্রীড়াঙ্গন ও সমাজ গঠনে যে ভূমিকা রেখে গেছেন হারুন ভাই, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন দক্ষ ক্রীড়া কর্মকর্তা আর নিরহংকার মানুষ পাওয়া বিরল।’ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেন, ‘হারুন ভাই ছিলেন গোটা ক্রীড়াঙ্গনেরই অভিভাবক।’
আবাহনীর সাবেক ফুটবলার ও সাবেক ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু প্রিয় অভিভাবকের প্রয়াণে স্মৃতিকাতর হয়ে পড়েন। মৃত্যুর সময় পাশে থাকা রুপু আবেগভরা কণ্ঠে বলেন, ‘মৃত্যুর সময় আমি তাঁর পাশেই ছিলাম। হারুন ভাই বলতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একজনই ছিলেন। ক্রীড়াঙ্গনে আরেকজন হারুন ভাই আর পাওয়া যাবে কি না সংশয় আছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে যা কিছু করা দরকার, সবকিছুতেই তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন।’ রুপু যোগ করেন, ‘যখন খেলতাম, দলবদলের সময় ওনার বাসায় আমাদের লুকিয়ে রাখতেন, রান্না করে খাওয়াতেন।’
দেশের ফুটবলের প্রশাসনিক কাঠামো গড়তেও ভূমিকা রেখে গেছেন হারুনুর রশীদ। পাঁচবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ছিলেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং এএফসির মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়ী হওয়ার পর আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হারুনুর রশীদ। সেই নির্বাচনে ব্যারিস্টার মওদুদ আহমদকে হারিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
তবে সব ছাপিয়ে তিনি সবার প্রিয় ও শ্রদ্ধেয় ‘আবাহনীর হারুন ভাই’। যে আবাহনী আজ দেশের ক্রীড়াঙ্গনে এক বটবৃক্ষ, তার শুরুর দিনগুলোতে এই মানুষের শ্রম, নিষ্ঠা ও স্বপ্ন জড়িয়ে ছিল। হারুনুর রশীদের মতো উদ্যমী তরুণেরা সেদিন হাল না ধরলে আবাহনীর ইতিহাস হয়তো আজকের মতো হতো না।
১৯৭২ সালে ইকবাল স্পোর্টিং ক্লাব নাম পাল্টে হয় আবাহনী ক্রীড়া চক্র। আবাহনীর ঐতিহ্যবাহী লোগোটিও হারুনুর রশীদের তৈরি। জাতিসংঘের পতাকার রঙের অনুপ্রেরণায় দুই পাশে লতা-পাতার বেষ্টনী দিয়ে তিনি নিজেই লোগোটি নকশা করেছিলেন। যত দিন আবাহনী থাকবে, তত দিনই থেকে যাবেন হারুনুর রশীদ।