সাফ ফুটবলে পাঁচ ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আরও ছয়জন খেলেছেন বদলি হিসেবে। ছয়জন মাঠে নামার সুযোগ পাননি। তারপরও সবাই এই বিজয়ের অংশীদার। সাফজয়ী বাংলাদেশ দলের ২৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত পরিচিতি লিখেছেন বদিউজ্জামান
চ্যাম্পিয়ন দল হয়ে ওঠার অন্যতম বড় শর্তই হচ্ছে শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। মেয়েদের সাফে বেঞ্চে বসে থাকা বাংলাদেশের ফুটবলাররাও যেন একাদশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থাকতেন। রিজার্ভ বেঞ্চের সেই তালিকার অন্যতম একজন ডিফেন্ডার নীলুফা ইয়াসমিন। বদলি নেমেও যিনি দুর্দান্ত খেলেছেন।
কুষ্টিয়ার মেয়ে নীলুফা ইয়াসমিনের বেড়ে ওঠা লড়াই–সংগ্রামের মধ্য দিয়ে। নীলুফা ইয়াসমিনের বয়স যখন মাত্র আড়াই বছর, তখন তাঁর রিকশাচালক বাবা ছেড়ে যান মাকে। এরপর দুই বোনকে নিয়ে শুরু হয় মায়ের লড়াই। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল নীলুফার। বেশি টানত ফুটবল। মেয়ের এই ফুটবলপ্রীতিকে প্রশ্রয়ের চোখেই দেখতেন মা। ভালো ফুটবল খেলতেন বলে একটু নামও হয় নীলুফার।
শুরুতে অনেক নেতিবাচক কথা শুনতে হয়েছে নীলুফাকেও। সেই নীলুফাই এখন এলাকাবাসীর গর্ব।
কুষ্টিয়ার চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর সাভারের একটি ফুটবল একাডেমিতে ভর্তি হন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রয়াত কর্মকর্তা আহমেদ সাঈদ আল ফাত্তাহর বাড়িও কুষ্টিয়ায়। নীলুফার ফুটবল–প্রতিভা চোখে পড়ে ফাত্তাহর। সেই সূত্রেই জাতীয় বয়সভিত্তিক দলের ট্রায়ালে আসেন নীলুফা। নজরে পড়েন কোচ গোলাম রব্বানীর। এরপর বয়সভিত্তিক দল থেকে শুরু করে বিভিন্ন সময়ে খেলেছেন জাতীয় দলের হয়ে।
এই দলের বেশির ভাগ মেয়ের মতোই ফুটবল খেলার জন্য অনেক নেতিবাচক কথা শুনতে হয়েছে নীলুফাকে। সেসব গায়ে না মেখে তিনি ঠিকই এগিয়ে গেছেন। মায়ের অনুপ্রেরণায় এত দূর উঠে আসা সেই নীলুফাই এখন এলাকাবাসীর গর্ব।