গোভিন্দরায় ভেনকান্না গাঁওকর
গোভিন্দরায় ভেনকান্না গাঁওকর

অ্যাথলেটিকস পেল নতুন বিদেশি কোচ

গত বছর আগস্ট মাসে ঢাকায় আসার কথা ছিল অ্যাথলেটিকস কোচ গোভিন্দরায় ভেনকান্না গাঁওকরের। কিন্তু করোনার কারণে বাংলাদেশে আসাটা পিছিয়ে দেন তিনি। অবশেষে আজ দুপুরে ঢাকায় এসেছেন এই ভারতীয় কোচ।

বেঙ্গালুরু থেকে কলম্বো হয়ে ঢাকা। সব মিলিয়ে ছয় ঘণ্টার বিমান ভ্রমণ শেষে কাল দুপুরে যখন বঙ্গবন্ধু স্টেডিয়ামের তৃতীয় তলায় বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনে পৌঁছালেন, তখনো গোভিন্দরায় ভেনকান্না গাঁওকরের মুখে হাসি। অনেক দিন ধরেই বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন একজন ভালো মানের কোচের খোঁজে ছিল। অবশেষে ভারতের সর্বোচ্চ জাতীয় ক্রীড়া সংস্থা স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) সাবেক কোচ গাঁওকরকে বেছে নিয়েছে ফেডারেশন।

গোভিন্দরায় ভেনকান্না গাঁওকর

আগামী বছরের দক্ষিণ এশিয়ান গেমসকে সামনে রেখেই মূলত এই কোচকে ঢাকায় আনা। তবে জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ও আগস্টে তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে তাঁর পারফরম্যান্স পর্যবেক্ষণ করার পরই নতুন করে চুক্তি বাড়ানো হবে বলে জানালেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব। গাঁওকর মূলত হাইজাম্পের বিশেষজ্ঞ কোচ। ভারতের চারজন অলিম্পিয়ান অ্যাথলেটকে কোচিং করিয়েছেন তিনি।

বাংলাদেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় হাইজাম্পকে ঘিরেই দেখছে নতুন আশা। সর্বশেষ ২০১৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের বিভাগে রুপা জিতেছেন মাহফুজুর রহমান। তিনি ২.১৬ মিটার লাফিয়ে রুপা জেতেন। এ ছাড়া উম্মে হাফসা রুমকি ও রিতু আক্তারের জাতীয় অ্যাথলেটিসকের পারফরম্যান্সও আশাজাগানিয়া। এঁদের নিয়েই নতুন করে স্বপ্ন দেখছেন গাঁওকর।

হাইজাম্প নিয়েই আশা বেশি নতুন কোচের

ঢাকায় নেমে বিকেলেই গাঁওকর বিকেএসপিতে চলে যান। সেখানে চলমান অ্যাথলেটিকস ক্যাম্পে কোচ হিসেবে দায়িত্ব শুরু করেছেন ৬৭ বছর বয়সী কোচ। এর আগে ফেডারেশন কার্যালয়ে বসে শুনিয়ে গেলেন আশার কথা, ‘আমি সব সময় ইতিবাচক কোচ। কখনোই নিরাশাবাদী নই। এখানে কিছু ভালো মানের অ্যাথলেট খুঁজতে চাই। প্রয়োজনে প্রতিভা অন্বেষণ কার্যক্রম করব। আমি মূলত একজন একাডেমিশিয়ান। গত কয়েক যুগে ভারতের শীর্ষ হাইজাম্পাররা আমার শিষ্য। আমার অধীনে অনুশীলন করে আন্তর্জাতিক পদক জিতেছে। বাংলাদেশের হাইজাম্পাররা যে উচ্চতায় লাফিয়েছে তাতে এখন থেকে ভালোভাবে অনুশীলন করলে এসএ গেমসে সোনা জেতা সম্ভব।’

মাহফুজুর রহমানকে ঘিরে অনেক আশা বাংলাদেশের

বাংলাদেশের অ্যাথলেটদের বিভিন্ন প্রতিযোগিতার ভিডিও ভারতে বসে দেখেছেন গাঁওকর। এবার হাতে–কলমে তাদের নিয়ে কাজ করতে চান, ‘আসলে হাইজাম্পে উচ্চতা একটা বড় বিষয়। বাংলাদেশের যে অ্যাথলেটদের দেখেছি ওরা বেশ লম্বা। ভারতে যদি ভালো ফল আসে লম্বা অ্যাথলেটদের তাহলে এখানে কেন আসবে না। সবচেয়ে বড় বিষয় হলো ওদের শেখার আগ্রহ কতটা আছে? এটা কোনো অঙ্ক না। টেকনিক সঠিক হলে সামনের গেমসগুলোতেই পদক আসবে এদের কাছ থেকে।’

কমনওয়েলথ গেমসের জন্য এরই মধ্যে ৫ জন অ্যাথলেটকে বাছাই করেছে ফেডারেশন। গতকাল উন্মুক্ত বাছাইয়ের পর হাইজাম্পে সুযোগ পেয়েছেন মাহফুজুর রহমান ও উম্মে হাফসা রুমকি। ছেলেদের ১০০ ও ২০০ মিটারে রাকিবুল ইসলাম। মেয়েদের ১০০ মিটারে চূড়ান্ত দলে ডাক পেয়েছেন দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান। আর যুক্তরাজ্যে অনুশীলন করছেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।