উড়তে থাকা বাংলাদেশ হকি দলকে মাটিতে নামিয়ে এনেছে ওমান। আন্তর্জাতিক টুর্নামেন্টে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়া হলো না বাংলাদেশের। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে আজ বাংলাদেশকে ৬-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ওমান।
অথচ গত ২০ মার্চ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশন কাপের (এএইচএফ কাপ) ফাইনালে টাইব্রেকারে এই ওমানকেই হারিয়েছিল বাংলাদেশ। আজকের জয়ে যেন সেই হারের বদলাও নেওয়া হলো ওমানের।
গত সপ্তাহে এশিয়ান গেমসের চূড়ান্ত নিশ্চিত করে অনেকটাই চাপমুক্ত ছিলেন বাংলাদেশের খেলোয়াড়েরা। মার্চে এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হওয়া আশরাফুল ইসলাম, সারোয়ার হোসেনদের পরবর্তী লক্ষ্য ছিল টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরা।
একই সঙ্গে জয়ের ধারাবাহিকতা বাড়িয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে মেলে ধরতে পারেনি বাংলাদেশ।
মার্চের এএইচএফ কাপে গ্রুপ পর্বে ওমানকে ৩-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ফাইনালেও পেনাল্টি শুটআউটে জয় পায়।
সেই আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে পারেনি। ম্যাচের শুরু থেকেই পিছিয়ে পড়েন বাংলাদেশের খেলোয়াড়েরা। ১০ মিনিটে ৩ গোল খাওয়া রাসেল মাহমুদ জিমিরা চাপ থেকে বেরিয়ে আসতে পারেননি।
পেনাল্টি কর্নারে ওমানের আল শাইবি আম্মার চার মিনিটে করেন প্রথম গোল। এরপর আট মিনিটে ফিল্ড গোলে ফাহাদ আল লাওয়াতি ব্যবধান দ্বিগুণ করেন। অধিনায়ক সালাহ আল সাদি ১০ মিনিটে করেন ম্যাচের তৃতীয় গোল। ৩৪ মিনিটে চতুর্থ গোলটি করেন আসাদ মোবারক।
পিছিয়ে পড়া বাংলাদেশ তখন গোল শোধে মরিয়া। ৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম স্কোর করেন ৪-১। কিন্তু ৫১ মিনিটে রাশেদ আল ফাজারির গোলে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ।
৫৯ মিনিটে ওমানের ষষ্ঠ গোলটি করেছেন আসামা আল শিবলি। ম্যাচের শেষ মিনিটে বাংলাদেশের ফজলে রাব্বি গোল করে শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছেন।
২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত আজকের ম্যাচসহ ১১ বার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
এর মধ্যে পাঁচবার বাংলাদেশ জিতেছে। বাকি ছয়বার জয় পেয়েছে ওমান। তবে ওমানের কাছে এর আগে এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ। ২০১৪ সালে এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে ওমানকে ৬-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার ওমান বাংলাদেশকেও দিল বড় হারের লজ্জা।