কোচ ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ টেবিল টেনিস খেলোয়াড়েরা
কোচ ও কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ টেবিল টেনিস খেলোয়াড়েরা

মালদ্বীপে টেবিল টেনিস দলের সোনা জয়ের হাতছানি

সংস্কারকাজ চলমান থাকায় পল্টনের শহীদ তাজউদ্দিন উডেন ফ্লোর জিমনেসিয়ামে কয়েক মাস ধরেই অনুশীলন করতে পারেননি টেবিল টেনিস খেলোয়াড়েরা। তাই বলে খেলোয়াড়দের অনুশীলন বন্ধ রাখেনি বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

জাতীয় ক্রীড়া পরিষদের দোতলার বারান্দায় অল্প জায়গার মধ্যেই কয়েকটি টেবিল পেতে কঠোর অনুশীলন করেছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদরা। আর সেই পরিশ্রমেরই ফল মিলেছে এবারের দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে।

মালদ্বীপে চলমান দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে রুপা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ বাংলাদেশ দল পাকিস্তান ও মালদ্বীপকে হারানোর পর শেষ ম্যাচে হারিয়েছে নেপালকে। আগামীকাল সোনা জয়ের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

প্রথম ম্যাচে বাংলাদেশের মুহতাসিন আহমেদ ৩-২ সেটে হারিয়েছেন পাকিস্তানের শাহ খানকে। মুহতাসিন প্রথম সেট জিতলেও পরে দুই সেট হেরে যান। তবে শেষ দুই সেটে জিতে কোর্ট ছাড়েন তিনি। দ্বিতীয় ম্যাচে রামহিম লিয়ন বম ৩-১ সেটে হারিয়েছেন উমাম হোসেনকে।

সোনা জয়ের হাতছানি বাংলাদেশের খেলোয়াড়দের সামনে

তৃতীয় ম্যাচে নাফিস ইকবাল ৩-২ সেটে হারান আহমেদকে। এরপর মালদ্বীপকে বাংলাদেশ দল হারিয়েছে ৩-১ সেটে। এ ছাড়া অনূর্ধ্ব-১৫ বিভাগেও বাংলাদেশ ৩-০ সেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।