বড় হারের লজ্জা দিল হকি দল
বড় হারের লজ্জা দিল হকি দল

এশিয়া কাপ হকি

মালয়েশিয়ার কাছে ৮ গোলের বড় হার বাংলাদেশের

শক্তিশালী মালয়েশিয়ার সঙ্গে পেরে উঠবে না বাংলাদেশ, তা জানাই ছিল। তবে এত বেশি গোল হজম করতে হবে, সেটা হয়তো ভাবেননি কোচ ইমান গোবিনাথন। তাঁর সব প্রতিরোধের ছক ভেঙে মালয়েশিয়া আজ এশিয়া কাপ হকিতে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে।

৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোলের খাতা খোলেন রাজি রহিম। ১৪ মিনিটে পেনাল্টি কর্নারে সেই রহিম রাজিই করেন ২-০। ২১ মিনিটে বাংলাদেশ ২-১ করে ম্যাচে ফেরার আভাস দিচ্ছিল। পেনাল্টি কর্নার থেকে গোলটা এসেছে ডিফেন্ডার আশরাফুল ইসলামের স্টিকে।

কিন্তু এরপর ৯ মিনিটের মধ্যে ৪-১ করে ফেলে মালয়েশিয়া। ম্যাচ যত এগিয়েছে বাংলাদেশ সব প্রতিরোধ ভেঙে গেছে আর গোল উৎসব করেছে মালয়েশিয়া। রহিম রাজি ও ফয়জাল সারি করেছেন ৩টি করে গোল। মালয়েশিয়ার ৮ গোলের ৪টি ফিল্ড গোল, ৩টি পেনাল্টি কর্নারে এবং একটি পেনাল্টি স্ট্রোকে।

মালয়েশিয়া উড়িয়ে দিল বাংলাদেশকে

এই ম্যাচ দিয়েই জাকার্তায় অনুষ্ঠানরত এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের খেলা শেষ করেছে রাসেল মাহমুদরা। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারায় সমমানের প্রতিদ্বন্দ্বী ওমানকে (২-১)।

ওমানের বিপক্ষে ওই জয়ের সুবাদে বাংলাদেশ চার দলের গ্রুপে তৃতীয় হয়েছে। টুর্নামেন্টে এটাই একমাত্র সুখবর বাংলাদেশের জন্য। ২৮ মে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পেতে পারে ইন্দোনেশিয়াকে, যাদের বিপক্ষে সর্বশেষ ৩টি ম্যাচেই জিতেছে বাংলাদেশ।