রোমান সানা ও দিয়া সিদ্দিকী
রোমান সানা ও দিয়া সিদ্দিকী

আর্চারি বিশ্বকাপ

রোমানের প্রতিপক্ষ ভারত, দিয়ার স্পেন

ইরাকে ৬-১১ মে শেষ হওয়া এশিয়া কাপ আর্চারির স্টেজ টুয়ে খুব কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল রোমান সানা-দিয়া সিদ্দিকীদের। অন্তত চারটি ইভেন্টে সোনা জয়ের সুযোগ ছিল বাংলাদেশের সামনে।

শেষ পর্যন্ত সব কটি ইভেন্টেই ফাইনালে হারে বাংলাদেশ। আজ থেকে দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে শুরু হয়েছে বিশ্বকাপ আর্চারির স্টেজ টু। প্রথম দিনে কোয়ালিফিকেশন রাউন্ডে এশিয়া কাপের মতো স্কোর করতে পারেননি বাংলাদেশের আর্চাররা।

নতুন নিয়ম অনুসারে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ৬৪ জন আর্চার নকআউট পর্বে খেলার সুযোগ পান। ছেলেদের রিকার্ভ এককে অবশ্য নকআউট পর্বে উঠেছেন বাংলাদেশের তিন আর্চার রোমান সানা, আবদুর রহমান ও হাকিম আহমেদ। এই রাউন্ড থেকে বাদ পড়েছেন ১৩ জন আর্চার।

এবার বিশ্বকাপে কোয়ালিফিকেশন রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে রোমান সানার স্কোর ৬৩৬। যেখানে ইরাকে এশিয়া কাপে রোমান করেন ৬৫৪ পয়েন্ট। হাকিম আহমেদের স্কোরেও অবনতি হয়েছে। ইরাকে ৬৫০ পয়েন্ট করা হাকিমের কোরিয়া বিশ্বকাপের স্কোর ৬৪২। আবদুর রহমানও হতাশ করেছেন কোরিয়াতে। ইরাকে আবদুর রহমানের স্কোর ছিল ৬৩৯, এবার কোরিয়ায় করেছেন ৬৩৫!

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে শুরু হয়েছে বিশ্বকাপ আর্চারির স্টেজ টু

বিশ্বকাপে চলছে স্বাগতিকদের দাপট। ছেলেদের বিভাগে সর্বোচ্চ ৬৮৫ পয়েন্ট পেয়েছেন দক্ষিণ কোরিয়ার কিম জে ডিওক। গত টোকিও অলিম্পিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কোরিয়ার সোনাজয়ীদের একজন ডিওক। এরপর অলিম্পিকে মিশ্র দ্বৈতেও আন সানের সঙ্গে জুটি গড়ে সোনা জেতেন ১৮ বছর বয়সী এই আর্চার।

পারফরম্যান্সে একই জায়গায় আটকে আছেন দিয়া সিদ্দিকী। মেয়েদের রিকার্ভের কোয়ালিফিকেশন রাউন্ডে ইরাকে যেখানে ৬২২ পয়েন্ট করেন, এবার কোরিয়ায় স্কোর ৬২৩। এই রাউন্ডে মেয়েদের সর্বোচ্চ স্কোর দক্ষিণ কোরিয়ার মিসান চোইয়ের

নকআউট পর্বের প্রথম রাউন্ডে রোমানের প্রতিপক্ষ ভারতের তরুণদীপ রায়। আবদুর রহমান খেলবেন ইতালির আলেসান্দ্রো পাওলির বিপক্ষে। আর হাকিম আহমেদের প্রতিপক্ষ জার্মানির মরিস ওয়াইসার। মেয়েদের রিকার্ভ এককের নকআউটে দিয়া লড়বেন স্পেনের এলিয়া কানালেসের বিপক্ষে।