রাকিবুল ইসলাম
রাকিবুল ইসলাম

জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপ

সাইক্লিস্ট হওয়ার নেশায় চাকরি ছেড়েছিলেন রাকিবুল

পেশায় ছিলেন ফার্মাসিস্ট। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভালো বেতনে চাকরি করতেন রাকিবুল ইসলাম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই চাকরি ছাড়ার ‘ভূত’ মাথায় চেপে বসল। এমনকি তাতে আপত্তি করলেন না পরিবারের সদস্যরাও! না, আরও ভালো সুযোগ–সুবিধা আর বেশি বেতনের আশায় অন্য কোনো হাসপাতালে যোগ দেননি তিনি। শখের সাইক্লিং করতে পারছিলেন না বলে চাকরিটাই ছেড়ে দেন রাকিবুল!

একসময় শখের বশে সাইকেল চালাতেন। কিন্তু একটু একটু করে বিভিন্ন ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন রাকিবুল। গত বছর প্রথমবার অংশ নেন বাংলাদেশ গেমসে। ২৮ কিলোমিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়ালে সোনা জিতে প্রথমবারই নজর কাড়েন। গোপালগঞ্জে আজ শুরু হয়েছে ৪১তম জাতীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। আজও যথারীতি পদকমঞ্চে জয়োল্লাস করেছেন রাকিবুল। ৩০ কিলোমিটার ইনডিভিজুয়াল টাইম ট্রায়ালে জিতেছেন সোনা।

রাকিবুল ইসলাম

এর আগে গত বছর নভেম্বরে বান্দরবানে অনুষ্ঠিত মুজিব বর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেসে হয়েছেন চ্যাম্পিয়ন। মালয়েশিয়াতে ২০১৯ সালে অনুষ্ঠিত পাওয়ারম্যান এশিয়া চ্যাম্পিয়নশিপে জেতেন রুপা। রাকিবুল টিম বিডিসি সাইক্লিং দলের সদস্য। এই দলের চার সাইক্লিস্ট মিলে গত নভেম্বরে ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৬৭ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন।

নতুন প্রজন্মের তরুণেরা সাধারণত ক্রিকেটার বা ফুটবলার হতে চায়। কিন্তু আপনি সাইক্লিস্ট হতে গেলেন কেন? প্রশ্নটা করতেই রাকিবুলের হাসিমাখা উত্তর, ‘আমি একজন গবেষক। বায়োটেকনোলজির ওপর গবেষণা করতাম। গবেষণাকাজের প্রথম দিকে ফিটনেস ধরে রাখতে সাইক্লিং শুরু করি। একপর্যায়ে বিডিসাইক্লিস্টদের সঙ্গে যোগাযোগ হলো। তখন প্রতিদিন ট্রেনিংয়ে মনে হচ্ছিল উন্নতি হচ্ছে। এরপর ভাবলাম, কেন পরবর্তী ধাপে যাওয়া যাবে না?’

রাকিবুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মাসিতে স্নাতক করেছেন রাকিবুল। এরপর বৃত্তি নিয়ে দিল্লি সার্ক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন বায়োটেকনোলজিতে। সেখান থেকে ফিরে ২০১৭ সালে ফার্মাসিস্ট হিসেবে যোগ দেন। কিন্তু সেই চাকরি একসময় উপভোগ করতে পারছিলেন না সাইক্লিং করতে সমস্যা হতো বলে। শেষ পর্যন্ত চাকরিটা ছেড়ে দেন গত বছর আগস্ট মাসে। এরপর সেপ্টেম্বর থেকে খাগড়াছড়িতে নিজের উদ্যোগে একদল সাইক্লিস্টকে ট্রেনিং করাচ্ছেন। ফেডারেশন থেকে কোনোরকম আর্থিক সহযোগিতা ছাড়াই এই অনুশীলন করান তিনি। এ ছাড়া ভারত থেকে ন্যাশনাল লেভেল কোচেস প্রোগ্রাম কোর্সও করেছেন রাকিবুল।

মাত্র দুই বছরের সাইক্লিং ক্যারিয়ার রাকিবুলের। অথচ সাইক্লিং নিয়ে রীতিমতো গবেষণা শুরু করেছেন তিনি, ‘আমি সাইক্লিংয়ের ওপর প্রচুর পড়াশোনা করছি। আধুনিক সাইক্লিং কীভাবে করতে হবে, সেটা জানার চেষ্টা করছি। বিদেশে একজন কোচ আছে আমার। অনুশীলনের পর রিকভারি, খাবার এসব কেমন হবে, সেটা জানার চেষ্টা করছি।’ সাইক্লিস্ট রাকিবুল ফিজিক্যাল ইনস্ট্রাক্টর হিসেবেও কাজ করছেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে।

গত নভেম্বরে ৪৮ ঘণ্টায় ১ হাজার ৬৬৭ কিলোমিটার সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়েছেন

ঘরোয়া ক্রীড়াঙ্গনে বেশ অবহেলিত বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। আন্তর্জাতিক পর্যায়ে বলার মতো সাফল্য নেই। ঘরোয়া প্রতিযোগিতাও অনিয়মিত। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ২০১৮ সালে এ জন্য সাইক্লিং ছাড়াই আয়োজন করে যুব গেমস। দক্ষিণ এশিয়ান গেমসেও কখনো সোনার পদক জেতেনি সাইক্লিং। তবে রাকিবুলদের মতো সম্ভাবনাময় সাইক্লিস্টদের হাত ধরে স্বপ্ন দেখতে পারে ফেডারেশন। এসএ গেমস নিয়ে অবশ্য রাকিবুল নিজেও আশাবাদী, ‘আমি জানি আন্তর্জাতিক গেমসে পদক আসে না আমাদের। তবে সাইক্লিংয়ে প্রচুর সম্ভাবনা আছে। আমি সেটা বিশ্বাস করি। আমরা আধুনিক সাইক্লিংয়ের প্রটোকল নিয়েই এগিয়ে যেতে পারি। এ জন্য শিক্ষিত কোচ, অবকাঠামোগত সুবিধা ও তৃণমূল থেকে সাইক্লিস্ট তুলে আনতে হবে। যেভাবে ট্রেনিং করছি, তাতে এসএ গেমসে সোনা জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

সাইক্লিং খেলা হিসেবে বাংলাদেশে অজনপ্রিয়। কিন্তু রাকিবুলদের সুবাদে সাইক্লিংয়ে আগ্রহ বাড়ছে মানুষের বলে দাবি করলেন, ‘শহরের মানুষেরা ওজন কমানোর জন্য সাইকেল চালাচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে আমাদের টিম অনেকের সহযোগিতা করছে। যে কারণে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছি আমরা। অনেকে বাচ্চাদের সাইকেল কিনে দিচ্ছে। ওরা সাইক্লিংয়ে আগ্রহী হচ্ছে।’