মোশাররফ হোসেন
মোশাররফ হোসেন

সাক্ষাৎকারে টানা সাতবারের দ্রুততম মানব

‘সবার আগে অ্যাথলেটিকসকে রাজনীতিমুক্ত করা জরুরি’

দেশের বিবর্ণ অ্যাথলেটিকসে রং ফেরাতে সারা দেশে প্রতিভা অন্বেষণে নেমেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। এই উদ্যোগকে স্বাগত জানালেও মৃতপ্রায় অ্যাথলেটিকস জাগিয়ে তুলতে অনেক লড়াই করতে হবে বলে মনে করেন ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রেকর্ড টানা সাতবার দেশের দ্রুততম মানব মোশাররফ হোসেন (শামীম)। এমনটা কেন মনে করেন, গত বৃহস্পতিবার লালমাটিয়ায় নিজের বাসায় বসে বিস্তারিত বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম

প্রশ্ন

জানেন নিশ্চয়ই বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ৭ কোটি টাকায় প্রতিভা অন্বেষণের বিশাল এক কর্মযজ্ঞে নেমেছে। এ উদ্যোগ কতটা সফল হবে মনে করেন?

মোশাররফ হোসেন শামীম: বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগকে সাধুবাদ জানাই।  তবে আমি দেখেছি, অতীতে প্রতিভা অন্বেষণের ফল সেভাবে আসেনি। এক সপ্তাহ–দশ দিন এটা করে লাভ হয় না। প্রতিভা বের করতে কার্যকর প্রতিযোগিতা লাগবে। কিন্তু জেলায় জেলায় নিয়মিত প্রতিযোগিতা করতে পারলে তবেই ভালো ফল আসবে।

প্রশ্ন

আপনি কীভাবে নিজেকে তৈরি করেছিলেন?

মোশাররফ হোসেন: আমাদের সময় কোচিং–সুবিধা ছিল না। নিজে যা পেরেছি, করেছি। অ্যাথলেটিকসের ওপর বই পড়ে শিখতাম। চট্টগ্রামের পাথরঘাটায় আমার জন্ম। স্থানীয় মুসলিম হাইস্কুলের ছাত্র ছিলাম। বাটালি হিলে অনুশীলন করতাম। আসলে প্রতিভা এমনিই আসে। সেটিকে পরিচর্যা করতে হয়।

অ্যাথলেটিকস ফেডারেশনে খেলার চেয়ে রাজনীতি অনেক বেশি। যোগ্যরা কমিটিতে জায়গা পায় না।
মোশাররফ হোসেন
প্রশ্ন

বাংলাদেশে কি সেই পরিচর্যা হয়?

মোশাররফ হোসেন: হয় না, এটাই তো দুঃখ। আমরা কী করি, ৩০ জনকে ক্যাম্পে রাখি। এতে বিশাল খরচ। তাতে ফলও আসে না। নির্দিষ্ট কিছু প্রতিভার পেছনে বিনিয়োগ করতে হবে। অ্যাথলেটিকস ফেডারেশন সেভাবে এগোতে পারলেই হয়। আমরা পুরোনো দিন ফেরার অপেক্ষায় আছি।

প্রশ্ন

পুরোনো দিন বলতে অ্যাথলেটিকসের সোনালি সময়টাকে বোঝাচ্ছেন?

মোশাররফ হোসেন: স্বাধীনতার পরের সময়টার কথা বলছি। ফুটবলের পর তখন অ্যাথলেটিকস ছিল তুমুল জনপ্রিয়। অ্যাথলেটরা আলোচনায় থাকত। আমি সব সময় পত্রিকায় প্রথম পাতায় ছবিসহ কাভারেজ পেয়েছি। তখন আমি সব সময় দুটি হিট দিয়ে ফাইনালে যেতাম। এখন তো বলতে গেলে হিটই নেই।

প্রশ্ন

কেন এ অবস্থা? কেন বাংলাদেশে অ্যাথলেটিকস প্রায় হারিয়ে গেছে?

মোশাররফ হোসেন: বড় কারণ, সংগঠকদের মূল্যায়ন হয়নি। সংগঠকেরাই তো খেলোয়াড় তৈরি করবে। অথচ জেলা পর্যায়ে রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া কেউ কমিটিতে আসতে পারে না। যারা আসে, জেলায় কোনো মিট করে না। জেলায় বড়জোর ১ লাখ টাকা লাগে মিট করতে। তা–ও করে না। তৃণমূলে সুযোগ–সুবিধা নেই। অবকাঠামোর অভাব। ইলেকট্রনিক টাইমিং পায় না ছেলেমেয়েরা। স্কুল–কলেজে অ্যাথলেটিকস হয় না। আন্তস্কুল, আন্তকলেজ প্রতিযোগিতা নেই। বিশ্ববিদ্যালয়ে অ্যাথলেটিকস এখন যেন রূপকথার গল্প।

প্রশ্ন

সার্ভিসেস দলগুলোর হারিয়ে যাওয়াও কি একটা বড় কারণ নয়?

মোশাররফ হোসেন: অবশ্যই। বিজেএমসি আর বিটিএমসির কথা বলব আলাদাভাবে। এই প্রতিষ্ঠান দুটি অ্যাথলেটিকসের বড় পৃষ্ঠপোষক ছিল। ওয়াপদা, রেলওয়ে, টিঅ্যান্ডটির মতো প্রতিষ্ঠানগুলোও অ্যাথলেটদের চাকরি দিয়েছে। অনার্সের পর সহকারী ম্যানেজার হিসেবে আমাকে চাকরি দেয় বিটিএমসি। ২০০৫ সালে গোল্ডেন হ্যান্ডশেক শুরু হলে বিটিএমসির ডিজিএম পদে থেকে অবসর নিই। খেলোয়াড়েরাই গোল্ডেন হ্যান্ডশেকের প্রথম টার্গেট হয়ে যায়।

আমি মনে করি না বাংলাদেশের অ্যাথলেটিকসের তেমন কোনো ভবিষ্যৎ আছে। এটা এত নিচে নেমে গেছে যে মানুষ জানেই না অ্যাথলেটিকস প্রতিযোগিতা হচ্ছে। আশা দেখানো অ্যাথলেটও তো নেই।
মোশাররফ হোসেন
প্রশ্ন

অ্যাথলেটিস ফেডারেশনের ভূমিকাকে কীভাবে মূল্যায়ন করবেন?

মোশাররফ হোসেন: অ্যাথলেটিকস ফেডারেশনে খেলার চেয়ে রাজনীতি অনেক বেশি। যোগ্যরা কমিটিতে জায়গা পায় না। কাকে বাদ দিয়ে কে বিদেশ যাবে, সেটাই চলে বেশি। মানহীন, অযোগ্য লোকজন ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বসে। তা ছাড়া আমাদের দেশে ফেডারেশনে নির্বাচন মানেই রাজনৈতিক যোগসূত্র। সরকারের উচিত দুই–চারটা ভালো লোক বা সংগঠককে সুযোগ দেওয়া। জেনারেল এরশাদের সময় ফেডারেশনের কমিটি করা হতো সাবেক অ্যাথলেটসহ ভালো ভালো সংগঠকদের নিয়ে। এখন সেটা নেই। নির্বাচনের নামে আজেবাজে লোক ঢুকছে। নির্বাচনের সময় ফেডারেশন সভাপতির কোটায় কাউন্সিলর কারা হয়? রাজনৈতিক পরিচয়ই সেখানে বড়।

প্রশ্ন

আপনি তো ফেডারেশনে ছিলেন। ভেতর থেকে কী দেখেছেন?

মোশাররফ হোসেন: ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় অ্যাডহক কমিটিতে ১৪ মাস ছিলাম সাধারণ সম্পাদক পদে। এরপর নির্বাচনে আর পারলাম না। আমি দেখেছি অ্যাথলেটিকসে সাংগঠনিক দিকে অনেক সমস্যা। তবে আমার কমিটির টিমওয়ার্ক ভালো ছিল। কমিটিতে থাকা সাবেক অ্যাথলেট গার্মেটস ব্যবসায়ী সাব্বির একটা মিট করে দেয়। তাকে শ্রীলঙ্কায় একটা দল নিয়ে পাঠাই। এভাবে আসলে স্পনসরকে উদ্বুদ্ধ করতে হবে। ফেডারেশনের তৎকালীন সভাপতি আলী কবীর সাহেব অনেক সমর্থন দেন। তাঁর মানসিকতা ছিল ইতিবাচক। ভালো মানুষ ছিলেন। তবে তাঁর চোখের সামনেই অ্যাথলেটিকসটা আস্তে আস্তে খাদের কিনারে চলে গেল।

প্রশ্ন

দেশের অ্যাথলেটিকস নিয়ে কোনো স্বপ্ন কি দেখেন?

মোশাররফ হোসেন: বড় কোনো স্বপ্ন দেখি না। এই অ্যাথলেটিকস আগের জায়গায় নেওয়া অনেক কঠিন। আমি মনে করি না বাংলাদেশের অ্যাথলেটিকসের তেমন কোনো ভবিষ্যৎ আছে। এটা এত নিচে নেমে গেছে যে মানুষ জানেই না অ্যাথলেটিকস প্রতিযোগিতা হচ্ছে। আশা দেখানো অ্যাথলেটও তো নেই। শিরিন কত বছর ধরে ১০০ মিটারে সেরা। ইংল্যান্ড থেকে যে ছেলেটা এসেছে (ইমরানুর রহমান) ১০০ মিটারে, ইংল্যান্ডে ট্রেনিং করেও ওর টাইমিং আহামরি নয় (সর্বশেষ গত মাসে জাতীয় প্রতিযোগিতায় ১০.৪৯)।

প্রশ্ন

তারপরও হাল ছাড়লে তো হবে না। এখন আসলে করণীয় কী?

মোশাররফ হোসেন: দীর্ঘ মেয়াদে লক্ষ্য ঠিক করতে হবে। তৃণমূলে খেলাটা ছড়াতে হবে। জেলার সঙ্গে ফেডারেশনকে বসতে হবে। ভারত, শ্রীলঙ্কা এগিয়ে গেছে। আমাদের নতুনভাবে ভাবা দরকার। বেশি বেশি অ্যাথলেট আনতে হবে। ১০ জন এলে দুজন ভালো করবে। জেলাগুলোকে খেলায় আনতে হবে। জাতীয় প্রতিযোগিতাগুলো ঢাকার বাইরে নিলে ভালো। আমাদের সময় ১৯৭৫ ও ১৯৭৯ সালে চট্টগ্রামে জাতীয় মিট হয়। ১৯৭৭ সালে ময়মনসিংহে। দীর্ঘদিন পর সম্প্রতি চট্টগ্রামে জাতীয় প্রতিযোগিতা হয়েছে। আর শুধু বাহিনীর পৃষ্ঠপোষণা নিয়ে বেশি দূর যাওয়া যাবে না।

প্রশ্ন

তাহলে?

মোশাররফ হোসেন: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ লাগবে। নতুন প্রতিভা তো ওখানেই। হারিয়ে যাওয়া করপোরেট টিমগুলোকে ফিরিয়ে আনার বিকল্প নেই। কোন্দল ভুলে সংগঠকদের একতাবদ্ধ থাকা দরকার। ভালো সংগঠকদের কাজ করার সুযোগ দিতে হবে। যোগ্য লোককে মূল্যায়ন করতে হবে। সবার আগে অ্যাথলেটিকসকে রাজনীতিমুক্ত করা জরুরি।