
২০২৫ সালের ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা রানারআপসহ মোট পাঁচটি পুরস্কার পেয়েছেন প্রথম আলোর তিন সাংবাদিক।
বর্ষসেরা রানারআপ হয়েছেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আরাফাত জোবায়েরও হয়েছে রানারআপ। দ্বিতীয়বারের মতো জার্নালিস্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের সিনিয়র সাব–এডিটর রাহেনুর ইসলাম।
আজ পল্টনের ফারস হোটেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।
সেরা ফটো জার্নালিস্ট শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছেন প্রথম আলোর শামসুল হক। বর্ষসেরা রানারআপ তারেক মাহমুদ এক্সক্লুসিভ রিপোর্ট ও সাক্ষাৎকার শ্রেণিতে রানারআপ হয়েছেন। এক্সক্লুসিভ রিপোর্ট শ্রেণিতে আরেক রানারআপ প্রথম আলোর জহির উদ্দিন।
এ ছাড়া এক্সক্লুসিভ রিপোর্টে সেরা হয়েছেন সময় টিভির এস এম ইকবাল কাউসার, ইন্টারভিউ (প্রিন্ট ও অনলাইন) বিভাগে রাহেনুর ইসলাম, ইন্টারভিউ (টিভি) বিভাগে নিউজ টুয়েন্টি ফোরের শুভ দেবনাথ, সিরিজ রিপোর্টে ঢাকা পোস্টের আরাফাত জোবায়ের, ফিচারে কালের কণ্ঠ–এর শাহজাহান কবীর, প্রামাণ্যচিত্রে এখন টিভির এসকে শাওন।
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে সিনিয়র ক্রীড়া সাংবাদিক মোস্তফা কামাল ও ক্রীড়ালেখক মেজর (অব.) শাহাবউদ্দিন চাকলাদারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।