প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ
প্রথম সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ

ফুটসাল লিগ যুগে বাংলাদেশ, কাল শুরু ১১ দলের প্রথম আসর

দেশের ইতিহাসের প্রথম ফুটসাল লিগ শুরু হচ্ছে আগামীকাল। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষ ও নারী বিভাগে অংশ নেবে ১১টি করে দল।

ফুটসাল লিগের প্রথম আসরে অংশ নিতে যাওয়া দলগুলো হলো বাংলাদেশ সেনাবাহিনী, আনসার, বিকেএসপি, চাঁদপুর জেলা, ঢাকা অ্যাথলেটিক, ফকির এফসি, আইএম টেন, স্পোর্টস ফিল্ড লজিস্টিকস, টেকভিল ফুটসাল ক্লাব, ওয়ারিয়র স্পোর্টস একাডেমি ও জেনন এফসি।

লিগের প্রথম দিনে মাঠে নামবে তিনটি দল। বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিকেএসপির নারী দল। সন্ধ্যা ৭টায় শুরু পুরুষ বিভাগের প্রথম ম্যাচেও খেলবে একই দল দুটি। দিনের শেষ ম্যাচে রাত ৯টায় খেলবে পুরুষ বিভাগের জেনন এফসি ও ঢাকা অ্যাথলেটিক।

ফুটসালের প্রথম আসরে তারকাবহুল স্কোয়াড গড়েছে আইএম টেন এফসি। সাফ ফুটসাল জয়ী ৮ জন–সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, স্বপ্না আক্তার, লিপি আক্তার, নিলুফা ইয়াসমিন, মার্জিয়া আক্তার ও মাতসুশিমা সুমাইয়া খেলবেন এই দলের হয়ে।

এ ছাড়া ওয়ারিয়র স্পোর্টসের জার্সিতে দেখা যাবে সাফজয়ী দুই খেলোয়াড় সুমি খাতুন ও ইতি রানীকে। অন্যান্য দলের মধ্যে সেনাবাহিনীর জার্সিতে দেখা যাবে মেহেনুর আক্তার ও নওশন জাহানকে। টেকভিল ফুটসাল ক্লাবে নাম লিখিয়েছেন সানজিদা আক্তার ও ফায়েদ আজিম।

ছেলেদের বিভাগে আইএম টেনের হয়ে মাঠ মাতাবেন কাজী ইব্রাহিম ও মঈদ আহমেদ। ফকির এফসির হয়ে খেলবেন জাতীয় দলের ফয়সাল হোসেন।

লিগের সূচিতে প্রথম পর্বের পর লম্বা বিরতি রাখা হয়েছে। ২৪ মে থেকে ২২ জুলাই টানা দুই মাস লিগ বন্ধ থাকবে। বাফুফের ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান জানিয়েছেন, ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কথা বিবেচনা করে দীর্ঘ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘ফুটবল বিশ্বকাপ সামনে, তখন কে দেখবে আমাদের খেলা। দর্শক দরকার আছে। তাই বিরতিটা সেভাবেই দেওয়া। যাতে বিশ্বকাপ শেষ করে দ্বিতীয় পর্ব শুরু করা যায়।’

ফুটসাল মূলত ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার ওপর জোর দেওয়া হয়। ৫ খেলোয়াড়ের ফুটসালে সর্বোচ্চ ১২ জন ব্যবহার করা যায়, বদলি করা যায় যত খুশি। বিশ্বের বিভিন্ন দেশে ১৯৩০ সাল থেকে প্রচলিত থাকলেও বাংলাদেশে এর বড় উদ্যোগে পথচলা শুরু ২০১৮ সালে মেয়েদের এএফসি চ্যাম্পিয়নশিপের মাধ্যমে।

এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই দিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেয় জাতীয় পুরুষ ফুটসাল দল।
সর্বশেষ গত জানুয়ারিতে প্রথম সাফ নারী ফুটসালে অংশ নিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ওই একই সময়ে ছেলেদের ফুটসালে বাংলাদেশ সাত দলের মধ্যে পঞ্চম হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঘরোয়া লিগের মাধ্যমে দেশে ফুটসালের নতুন পথচলা শুরু হচ্ছে।