মালয়েশিয়ার বিপক্ষেও জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব–২০ হকি দল
মালয়েশিয়ার বিপক্ষেও জিততে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব–২০ হকি দল

‎মালয়েশিয়ার কাছেও হারল হকির যুবারা

জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হারের পর আজ মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরেছে তারা।

আগামী মঙ্গলবার তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

‎চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ প্রথম কোয়ার্টার কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২১ থেকে ২৩ মিনিটের মধ্যে দুই গোল খেয়ে বসে বাংলাদেশ।

২৪ মিনিটে আবদুল্লাহ গোল করে ব্যবধান কমালে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের। তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোল করে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা আরও জোরালো করেন মেহেদী হাসান। তাঁর ফিল্ড গোলে ২–২ সমতায় ফেরে বাংলাদেশ।

চতুর্থ কোয়ার্টারে জোড়া গোল হজমে হেরেছে বাংলাদেশ

কিন্তু চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের সেই আশা শেষ করে দেন সুজাইনি ফাহমি। ৪৮ ও ৫১ মিনিটে দুই গোল করে ম্যাচটা বের করে নেন এই মালয়েশিয়ান। শেষ পর্যন্ত এখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

এ নিয়ে নবমবার জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৯৬ সালে সেমিফাইনালে খেলা।

ছেলেদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ১০ দলের এবারের টুর্নামেন্টে তারা আছে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও কাজাখস্তান।