বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ টেবিল টেনিস দল
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ টেবিল টেনিস দল

দক্ষিণ এশিয়ান যুব টিটি

শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ, নিশ্চিত হলো এশিয়ান টিকিট

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সোনা জিতেছে ছেলেদের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। এর ফলে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠেয় আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় প্রতিযোগিতাটি শুরু হয়েছিল গতকাল। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং তাতে সোনা নিশ্চিত হয়েছে। গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল তিনটি দলই সমান ৫ পয়েন্ট পেলেও সেট ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন জানিয়েছে, ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইনের কাছে ২-৩ গেমে হেরে যান বিকেএসপির আবুল হাসেম হাসিব। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে হারান। এরপর জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে এগিয়ে নেন। শেষ ম দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন সোনা।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ৭ হাজার ফুট উচ্চতায় এবং প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে গিয়ে শুরুতে কিছুটা সমস্যায় পড়লেও খেলোয়াড়রা দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে অনুর্ধ্ব ১৯ ছেলেদের দল সোনা জিতেছিল। তখন সোনাজয়ী দলের সদস্য ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ ইকবাল এবং আবুল হাসেম হাসিব। ২০২৩ ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ জেতে রুপা। গতবছর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ব্রোঞ্জ পদক পেয়েছিল।

অন্যদিকে, এবার অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে হেরেছে। তাদের শেষ ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছে। তাদেরও শেষ ম্যাচ ভারতের বিপক্ষে।

অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরেছে। এই বিভাগে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি বাংলাদেশের।
উল্লেখ্য, গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক পেয়েছিল। প্রতিযোগিতা শেষ হবে শনিবার।