মুহতাসিন আহমেদ
মুহতাসিন আহমেদ

‘ক্রস’ চিহ্নে বিমানবন্দরে আটকে গেলেন মুহতাসিন

উজবেকিস্তানের তাসখন্দে আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে গতকাল শনিবার রাতে ছয় খেলোয়াড়ের বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু দলের পাঁচ খেলোয়াড় বিমানে উঠতে পারলেও বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছে দেশের এক নম্বর র‍্যাঙ্কিংধারী পুরুষ খেলোয়াড় মুহতাসিন আহমেদকে।

বাংলাদেশ দলের সদস্যদের ভিসা–সংক্রান্ত একটি তালিকায় মুহতাসিনের নামের পাশে ‘ক্রস’ চিহ্ন থাকায় ফ্লাইটে উঠতে পারেননি মুহতাসিন।

এ বিষয়ে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক প্রথম আলোকে বলেন, ‘ভিসার কাগজে মুহতাসিনের নামের ওপর একটি ক্রস মার্ক ছিল। বিষয়টি নিয়ে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছিল, “কোনো সমস্যা হবে না, তাঁর ভিসা হয়ে গেছে।” কিন্তু বোর্ডিং পাস পাওয়ার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে দেয়। উজবেকিস্তানে শনিবার ছুটির দিন হওয়ায় সেখানেও যোগাযোগ করা যায়নি। কাটা দাগের কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে ফ্লাইটে যাওয়ার অনুমতি দেয়নি।’

প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, পুরুষ দলগত, নারী একক, নারী দ্বৈত, নারী দলগত এবং মিশ্র দ্বৈত—এই সাত ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। কিন্তু মুহতাসিনের বিমানবন্দর থেকে ফিরে আসার ঘটনায় বিপাকে পড়েছে বাংলাদেশ দল।

কারণ, দলগত ইভেন্টে অংশ নিতে অন্তত তিনজন খেলোয়াড় প্রয়োজন। অপর দুই খেলোয়াড় রামহিম লিয়ান বম ও জাভেদ আহমেদ চলে গেলেও মুহতাসিন যেতে না পারায় পুরুষ দলের দলগত ইভেন্টে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

টুর্নামেন্টের ড্র এখনো অনুষ্ঠিত হয়নি। নিয়ম অনুযায়ী, খেলা শুরু হওয়ার আগের দিন বা শুরুর দিন সকালে টিম ম্যানেজারদের উপস্থিতিতে জুরিস সভা ও ড্র সম্পন্ন হয়। তাই আজ রাতে কিংবা আগামীকাল ড্রর পরই সূচি চূড়ান্ত করা হবে।