মনন রেজা যখন খেলায় মগ্ন থাকে, বাইরে অস্থির পায়চারি করতে থাকেন মা মৌমন রেজা। ছেলে কেমন খেলবে, কতটা ভালো পারফরম্যান্স করবে—রাজ্যের দুশ্চিন্তা ভর করে মায়ের মনে। ইন্দোনেশিয়ায় গতকাল শেষ হয়েছে এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপ।
এতে অনূর্ধ্ব-১২ ক্যাটাগরির স্ট্যান্ডার্ড বিভাগে রুপা জিতেছে নারায়ণগঞ্জ ফিলোসোফিয়া ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। মননের গলায় রুপার পদক দেখে খুশি হয়ে ওঠেন মৌমন রেজা।
এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলতে যাওয়া অন্য খুদে দাবাড়ুরা যখন বোর্ডে নিজেদের রাজা বাঁচাতে ব্যাকুল, মনন সেখানে লড়াই করেছে সোনার পদক জিততে। ৯ ম্যাচে একটিতেও হারেনি। ৫ ম্যাচে জয়, ৪টিতে ড্র। তারপরও দুর্ভাগ্যই বলতে হবে মননের। সোনাজয়ী দাবাড়ু ভারতের ভাজ ইথানের সঙ্গে সমান ৭ পয়েন্ট পেয়েও টাইব্রেকিং পদ্ধতিতে হেরে রুপা জিতেছে মনন।
ইন্দোনেশিয়া থেকে মননের মা মৌমন রেজা মুঠোফোনে প্রথম আলোকে বলছিলেন, ‘মনন এবার ভালো করবে জানতাম। কিন্তু ওর দুর্ভাগ্য সোনার পদক জিততে পারেনি। শেষ রাউন্ডের দিন আমার প্রেশার এতই বেড়ে গিয়েছিল যে স্ট্রোক করার মতো অবস্থা!’
বাংলাদেশের উদীয়মান দাবাড়ুদের অন্যতম সেরা মনন। মাত্র ৯ বছর বয়সেই খেলেছে জাতীয় দাবায়। এবারও জাতীয় দাবায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমানের সঙ্গে ড্র করে আলাদাভাবে সবার নজর কাড়ে সে।
মননের দাবা খেলার শুরুর গল্পটা বেশ মজার। নারায়ণগঞ্জের ব্যবসায়ী বাবা নাজিম রেজা অফিস থেকে ফিরে বাসায় এসে ল্যাপটপে দাবা খেলতেন নিয়মিত। বাবার পাশে বসে ছোট্ট মনন দাবা খেলা দেখত। ক্রিকেট বেশি ভালো লাগত মননের।
একদিন ক্রিকেট ব্যাট কেনার জন্য বাবার কাছে বায়না করে সে। কিন্তু স্পোর্টস মার্কেটে গিয়ে কিনে আনে দাবার বোর্ড। সেই যে শুরু, এর পর থেকে শুধু ৬৪ ঘরের সাদা-কালো ঘুঁটি নিয়েই ব্যস্ত থাকে।
ছয় বছরের ক্যারিয়ারে এরই মধ্যে মননের শোকেসে জমা হয়েছে চারটি আন্তর্জাতিক সোনার পদক। এর মধ্যে ভারতে অনুষ্ঠিত কমনওয়েলথ জুনিয়র চ্যাম্পিয়নশিপে একটি সোনা। উজবেকিস্তান ও শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়া যুব দাবায় ১টি করে সোনার পদক এবং শ্রীলঙ্কায় বিশ্ব স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে মনন।
কলকাতার বিখ্যাত টেলিগ্রাফ স্কুল দাবায় ৪৬৪ জনের মধ্যে হয়েছে রানার্সআপ। বাংলাদেশ গেমসে জিতেছে ব্রোঞ্জ। মননের বর্তমান ফিদে রেটিং ২১০৭। ক্যান্ডিডেট মাস্টার খেতাব পাওয়া মনন অপেক্ষায় আছে ফিদে মাস্টার হওয়ার।
ইদানীং ব্যস্ত সময় কাটছে ছোট্ট মননের। ১৩ অক্টোবর সকালে আজারবাইজানে অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াড খেলে দেশে ফেরে সে। এরপর এশিয়ান যুব দাবায় খেলার উদ্দেশ্যে রাতের বেলায় চড়ে ইন্দোনেশিয়াগামী বিমানে। আজারবাইজানে বাংলাদেশ দলের পারফরম্যান্স ততটা আহামরি ছিল না। ৩৪টি দলের মধ্যে হয়েছিল ২১তম। কিন্তু নিজের বোর্ডে মনন ছিল সেরা। ৯ খেলায় সেখানেও পায় ৭ পয়েন্ট।
ইন্দোনেশিয়ায় এশিয়ান যুব দাবা টুর্নামেন্টে সোনা জিতলে সরাসরি ফিদে মাস্টার খেতাব পেত মনন। কিন্তু টাইব্রেকারে হেরে রুপা পাওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে মননের।
দলের সঙ্গে যাওয়া বাংলাদেশ দলের হেড অব ডেলিগেশন মাহমুদা হক চৌধুরী অবশ্য জানালেন সেই সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি, ‘আমরা আশা করেছিলাম এই টুর্নামেন্টেই ওর ফিদে মাস্টার খেতাব হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, সেটা হলো না। তবে ভারতের খেলোয়াড়ের সঙ্গে মননও যেহেতু একই পয়েন্ট পেয়েছে, তাই আমরা ফিদের কাছে লিখিত আবেদন করেছি। আশা করি ফিদে এ ব্যাপারে একটা ইতিবাচক সিদ্ধান্ত জানাবে আমাদের।’
মননকে নিয়ে স্বপ্ন দেখছেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কর্মকর্তা মাহমুদা, ‘আমাদের পাইপলাইনে যে কজন উদীয়মান দাবাড়ু আছে, এদের মধ্যে অন্যতম সেরা মনন। যদি তাকে আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে আশা করি দ্রুতই নিজেকে ছাড়িয়ে যাবে সে।’