ইমরানুর রহমান
ইমরানুর রহমান

তাঁদের চোখে বিশ্বকাপ

‘ফ্রান্সের ভালো সম্ভাবনা দেখছি’

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনেও উন্মাদনার কমতি নেই। প্রিয় দল, প্রিয় ফুটবলারদের নিয়ে সবারই আছে আবেগ আর প্রত্যাশা। আছে বিশ্বকাপ নিয়ে অনেক স্মৃতিও। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকাদের বিশ্বকাপ-ভাবনা নিয়েই এ আয়োজন। আজ পড়ুন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের কথা—

প্রশ্ন

বিশ্বকাপ ফুটবল তো শেষের দিকে। খেলা দেখছেন নিশ্চয়ই...

ইমরানুর রহমান: আমি ফুটবল ম্যাচ দারুণ উপভোগ করি। বিশ্বকাপের সময় তো অনেক আয়োজন করে খেলা দেখি। বন্ধু, পরিবারের অন্য সদস্যরা মিলে বাসায় ইংল্যান্ডের ম্যাচগুলো দেখেছি। শেফিল্ডে শুধু আমরা নই, সবাই ফুটবলটা উপভোগ করে। সব বড় টুর্নামেন্টেই স্লোগান ওঠে, ‘ইটস কামিং হোম’। আসলে তারা সব সময়ই আশাবাদী এবং অন্য দেশের সমর্থকদের তুলনায় একটু বেশিই খ্যাপাটে।

প্রশ্ন

আপনি তাহলে ইংল্যান্ডেরই সমর্থক...

ইমরানুর: আমি শেফিল্ড শহরে থাকি, যে কারণে ইংল্যান্ডকেই সমর্থন করি।

প্রশ্ন

কিন্তু দুর্ভাগ্য, ইংল্যান্ড সেমিফাইনালে যেতে পারল না...

ইমরানুর: ফ্রান্স শক্তিশালী দল। কিন্তু ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ড ভালো খেলেছে। ফ্রান্সের তুলনায় বেশি সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ে পিছিয়ে ছিল ইংল্যান্ড। আসলে হ্যারি কেইন পেনাল্টি মিস করেই সেমিফাইনালে ওঠার পথটা বন্ধ করে দিল। যদিও এটা খেলারই একটা অংশ, আমি বলব, ইংল্যান্ড ভালো একটা সুযোগ হারিয়েছে। অবশ্য রেফারিংও বাজে হয়েছে।

প্রশ্ন

কতটা বাজে হচ্ছে রেফারিং?

ইমরানুর: আমার মনে হয়, ফ্রান্সকে প্রথম গোলটা করতে সাহায্য করেছেন রেফারি। এমনকি বক্সের ভেতর ফ্রান্সের ডিফেন্ডার ফাউল করলেও রেফারি পেনাল্টি দেননি। আগের দিন আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচেও বাজে রেফারিং হয়েছে।

প্রশ্ন

আপনার প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতি মনে আছে?

ইমরানুর: ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ ফাইনালের কথা এখনো মনে পড়ে। ব্রাজিলের জালে জিনেদিন জিদানের দেওয়া গোল ভুলিনি আমি।

প্রশ্ন

কোন ফুটবলারের খেলা দেখে প্রথমবার ভালো লেগেছিল?

ইমরানুর: ব্রাজিলের রোনালদোর খেলা অনেক ভালো লাগত। ২০০২ বিশ্বকাপে সে তো অসাধারণ খেলেছিল। ব্রাজিলও চ্যাম্পিয়ন হয়েছিল।

প্রশ্ন

এবার চ্যাম্পিয়ন হতে পারে কারা?

ইমরানুর: ফ্রান্সের ভালো সম্ভাবনা দেখছি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল ফ্রান্স।

প্রশ্ন

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার কে জিততে পারেন?

ইমরানুর: কিলিয়ান এমবাপ্পে এই বিশ্বকাপে দুর্দান্ত খেলছে। অসাধারণ গতিময় একজন ফুটবলার। এরই মধ্যে ৫ গোল করেছে। আমার মনে হয় এমবাপ্পে পুরস্কারটা জিততে পারে।