৬০ মিটার স্প্রিন্টে সোনা জয়ী ইমরানুর রহমান
৬০ মিটার স্প্রিন্টে সোনা জয়ী ইমরানুর রহমান

সাক্ষাৎকারে ইমরানুর রহমান

‌‘আমি চাই এসএ গেমসে দেশকে সাফল্য দেব, দেশের পতাকা ওড়াব’

অ্যাথলেটিকসের মহাদেশীয় মঞ্চে আগে কখনো পদক জেতেনি বাংলাদেশ। পদক জেতা যে সম্ভব, সেটাও মনে হয় না কেউ ভেবেছিলেন। কিন্তু পরশু রাতে প্রায় অসম্ভবকে সম্ভব করছেন ইমরানুর রহমান। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জয়ের পর থেকে অভিনন্দনে সিক্ত হচ্ছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া এই অ্যাথলেট। অভাবনীয় এই জয়ের পর অ্যাথলেটিকস ঘিরে নিজের লড়াই এবং ভবিষ্যৎ নিয়ে কাজাখস্তান থেকে গতকাল টেলিফোনে সাক্ষাৎকার দিলেন প্রথম আলোকে।

প্রশ্ন

প্রশ্ন: তাৎক্ষণিকভাবে তো জয়ের অনুভূতি জানিয়েছেন। এখন কেমন লাগছে?

ইমরানুর রহমান: ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি ভীষণ খুশি।

প্রশ্ন

প্রশ্ন: এমন সাফল্য পাবেন, ভাবতে পেরেছিলেন?

ইমরানুর: আশা ছিল, ভালো করব। আমার টাইমিংও ভালো ছিল ৬০ মিটার স্প্রিন্টে। গত বছর বিশ্ব ইনডোরে অংশ নিয়েছি এই ইভেন্টে। তবে কাজাখস্তানে এসে সোনা জিতে যাব, এতটা ভাবিনি। বলতে পারেন, এটা আমার কল্পনার বাইরে। কারণ জাপান, থাইল্যান্ড, কাতারের অ্যাথলেটরা বেশ ভালো ছিলেন।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন ইমরানুর রহমান
প্রশ্ন

প্রশ্ন: মাঠ থেকে হোটেলে ফিরে কী করলেন?

ইমরানুর: রাত ৩টা পর্যন্ত অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু স্যারের সঙ্গে বসে কথা বলেছি। দেশের অ্যাথলেটিকস নিয়ে নানা গল্প করেছি। স্যার বলেছেন, আরও ভালো করতে হবে। আমি বলেছি, আমার যতটা সাধ্য আছে আপ্রাণ চেষ্টা করব। এরপর ঘুমাতে গেছি। প্রসঙ্গক্রমে বলি, এখানে কিন্তু তাপমাত্রা মাইনাস ২৪। নদীর পাড়ে আমাদের হোটেল। বরফ হয়ে আছে সবকিছু। বৈরী আবহাওয়ার মধ্যে আছি।

প্রশ্ন

প্রশ্ন: নিশ্চয়ই অনেক অভিনন্দনও পাচ্ছেন...

ইমরানুর: অনেক, অনেক। ঢাকা থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়েছি। ইংল্যান্ড থেকে পরিবার, বন্ধুবান্ধব সবাই অভিনন্দন জানিয়েছেন। বাদ যাননি কোচও। অনেকে মেসেজ দিয়ে বলেছে, ‘দারুণ অর্জন’, ‘তোমার জন্য গর্বিত আমরা’। এখানে কাতার, জাপান, পাকিস্তান, ভারত, হংকংসহ অন্য দেশের প্রতিযোগীরাও অভিনন্দন জানিয়েছে। অন্যরা বুঝতে পারেনি, বাংলাদেশের একজন অ্যাথলেট সোনা জিতে যাবে। ওরা অবাক হয়েছে। একজন তো জানতে চাইল, তুমি কোথায় থাকো, কী করো। এখানে এশিয়ান অ্যাথলেটিকসের কর্মকর্তারাও অবাক হয়েছেন।

প্রশ্ন

প্রশ্ন: বাংলাদেশেও কেউ এতটা ভাবেনি। কারণ, বিদেশে বাংলাদেশের অ্যাথলেটরা সাধারণত হিটেই বাদ পড়ে যান। পৈতৃক বাড়ি সিলেটে হলেও ইংল্যান্ডে বেড়ে উঠেছেন বলে আপনাকে অবশ্য ব্যতিক্রমই ধরা উচিত। তা অপ্রত্যাশিত এই সোনা জয়ের পর আত্মবিশ্বাস কি আরেকটু বেড়েছে?

ইমরানুর: অবশ্যই বেড়েছে। এত দিন মনে হতো, আমি কি পারব? আশা–নিরাশায় থাকতাম। বাংলাদেশের পরিবেশ, এখানকার সংস্কৃতি, লোকজন—সবকিছুই আমার জন্য ছিল নতুন। হঠাৎ ভিন্ন অবস্থার মধ্যে পড়ে মনকে বোঝাতাম, চেষ্টা করে যাও। একদিন ফল আসবে। এখন এই জয়ের পর মনে হচ্ছে, আমি আরও ভালো করতে পারব। আমার সেই সামর্থ্য আছে।

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রতিনিধি দল
প্রশ্ন

প্রশ্ন: গত বছর তুরস্কের ইসলামিক সলিডারিটি গেমসে ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে ওঠার পর আপনি প্রথম আলোকে সাক্ষাৎকারে বলেছিলেন, লন্ডনের শেফিল্ডে দুটি চাকরি সামলে আপনাকে অনুশীলন করতে হয়। সেই সমস্যাটা তো এখনো রয়ে গেছে।

ইমরানুর: হ্যাঁ, এখনো আমার দুটি চাকরিই। একটা মূল চাকরি, যেটা আট ঘণ্টার। একটা আর্থিক প্রতিষ্ঠানের হিসাবরক্ষকের কাজ করছি। আরেকটি চাকরি খণ্ডকালীন। দুটি চাকরি সামলে খেলাটা কঠিন আমার জন্য। আবার চাকরি না করেও উপায় নেই। জীবন–জীবিকার ব্যাপার আছে। স্ত্রী ও শিশুসন্তান আছে। ওদের দেখাশোনা করতে হয় আমাকে। আসলে ইংল্যান্ডে টিকে থাকা, সেখানকার জীবন সহজ নয়।

প্রশ্ন

প্রশ্ন: দুটি চাকরি সামলে আপনি এশিয়ান শীর্ষ পর্যায়ে আলো কেড়েছেন। পারবেন তো এই আলো ধরে রাখতে? আপনার বয়স তো ৩০ হতে চলছে।

ইমরানুর: বয়সের চেয়ে বড় হলো, আমি এখনো সকালে ২–৩ ঘণ্টা অনুশীলন করি। কাজ শেষে আরও ২ ঘণ্টা। লন্ডনে আমার কোচ আছে। আর আছে মনের জোর। যত সমস্যাই হোক, আমি নিজের ওপর বিশ্বাস হারাই না।

প্রশ্ন

প্রশ্ন: তাহলে কি সামনে দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) ইমরানুরের কাছ থেকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা আশা করা যায়?

ইমরানুর: আমার কিন্তু মূল লক্ষ্য সেটাই। বাংলাদেশের হয়ে এসএ গেমসে সোনা জিততে চাই। ২০২১ সালে অক্টোবরে আমি বাংলাদেশে আসার পর থেকেই এই স্বপ্নটা দেখছি। কারণ, এসএ গেমসে দীর্ঘদিন বাংলাদেশের কেউ দ্রুততম মানব হয় না। আমার লক্ষ্য, এখন দক্ষিণ এশিয়ার দ্রুততম মানব হওয়া। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এই সাফল্যটা চায় আমার কাছে। আর আমি চাই এসএ গেমসে দেশকে সাফল্য দেব, দেশের পতাকা ওড়াব।

প্রশ্ন

প্রশ্ন: এসএ গেমস কবে হবে, ঠিক নেই। আপাতত সামনে কী আছে?

ইমরানুর: কাছাকাছি কিছু নেই। আগস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বর–অক্টোবরে চীনে এশিয়ান গেমস। এগুলোতে ভালো করব বলে আশা করি।