কাল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, এমন দিনেই অনন্য এক অর্জন করেছেন রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ
কাল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, এমন দিনেই অনন্য এক অর্জন করেছেন রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ

এমন দিনেই যুদ্ধে জড়াল রাশিয়া

কোর্টে নামার আগেই সুখবর জেনে গিয়েছিলেন দানিল মেদভেদেভ। দুবাই চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জিরি ভেসলির কাছে হেরে গেছেন নোভাক জোকোভিচ। ফলে মেক্সিকো ওপেনে মেদভেদেভ নিজে যদি কোয়ার্টার ফাইনালে হেরেও যেতেন, তবু র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যেতেন। মেদভেদেভ হারেননি, আজ ইয়োশিহিতো নিশিওকাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে উঠে গেছেন সেমিফাইনালে। জয় দিয়েই প্রথমবারের মতো এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা উদ্‌যাপন করেছেন রুশ তারকা।

ছোটবেলা থেকে এমন দিনের স্বপ্ন দেখেছেন ২৬ বছর বয়সী মেদভেদেভ। কিন্তু তাঁর এই অর্জন হলো এমন এক দিনে, যেদিন তাঁর দেশ পার্শ্ববর্তী দেশ ইউক্রেনে সামরিক হামলা চালিয়েছে। টেনিসে ধ্যানজ্ঞান দিয়ে বসা মেদভেদেভের তাই এমন দিনেই মনে হচ্ছে, টেনিস আসলে অতটা গুরুত্বপূর্ণ কিছু নয়।

র‍্যাঙ্কিংয়ের চূড়ায় ওঠার পর জয়ও পেলেন মেদভেদেভ

যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি মিলবে সোমবার, কালই পুরুষ টেনিসের ২৭তম তারকা হিসেবে র‍্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছেন মেদভেদেভ। মেক্সিকো ওপেনে নিশিওকাকে হারানোর পর তাঁর উচ্ছ্বাসের প্রকাশ অবশ্য হলো সহজ-সাধারণই। গত বছর ইউএস ওপেনজয়ী এই তারকা বললেন, ‘শীর্ষে উঠতে পেরে আমি অবশ্যই খুশি। ছোটবেলা থেকেই আমার লক্ষ্য এটা।’

মেদভেদেভের আনন্দ প্রত্যাশিত মাত্রা পাচ্ছে না তাঁর দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার কারণেই। গতকাল উত্তর, দক্ষিণ ও পূর্ব দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এরই মধ্যে চেরনোবিলের তেজস্ক্রিয় অঞ্চলও দখলে নিয়েছেন পুতিনের সৈন্যরা। মেদভেদেভ তাই আজ ম্যাচ শেষে বলছিলেন, ‘মেক্সিকোতে ঘুম থেকে উঠে দেশের খবর দেখাটা সহজ ছিল না। একজন টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বজুড়ে শান্তি ছড়াতে চাই আমি। আমরা এত এত দেশে খেলি, অনেক দেশেই জুনিয়র ও পেশাদার হিসেবে খেলেছি। এসব খবর শোনা সহজ নয়...আমি সব সময় শান্তি চাই।’

যুদ্ধের কারণে ম্যাচে পুরো মনোযোগ দিতে পারেননি মেদভেদেভ

গত সপ্তাহেই মার্শেই ওপেনে ছেলেদের ডাবলসে জিতেছেন আন্দ্রে রুবলেভ ও শেনিস মলশানোভ। এই জুটির রুবলেভ রাশিয়ার আর মলশানোভ ইউক্রেনের। তাঁদের কথা টেনে মেদভেদেভ মনে করিয়ে দিলেন খেলার শক্তির কথা, ‘এটা অসাধারণ। কারণ, মানুষের এক থাকা দরকার।’ এ কারণেই তাঁর কাছে আজ অন্তত টেনিসের এই অর্জন অতটা আনন্দের উপলক্ষ নয়, ‘এসব মুহূর্তেই আপনি বুঝতে পারেন, মাঝেমধ্যে টেনিস অত গুরুত্বপূর্ণ কিছু নয়...আজ খেলা সহজ ছিল না এবং আমি শেষ পর্যন্ত জিততে পারায় খুশি। আজকের দিনটা আমার কাছে রোলার কোস্টার দিন ছিল।’

এই যুগে যুদ্ধ হচ্ছে, বিশ্বাস হচ্ছে না নাদালের

সেমিফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন মেদভেদেভ। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের কাছেই ফাইনালে হেরেছেন রাশিয়ান তারকা। ম্যাচের আগে দুই তারকাই দুজনকে শক্ত প্রতিপক্ষ বলছেন। আরও একটি জায়গায় দুজনকে একমত হতে দেখা যাচ্ছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। মেদভেদেভের মতোই যুদ্ধ নিয়ে নিজের অবস্থান জানাতে পিছপা হননি নাদাল, ‘একজন নাগরিক হিসেবে মত দিতে পারি। কে দোষী, এ নিয়ে কথা বলতে চাই না। কিন্তু এই সময়েও যুদ্ধ হয়, এটা বিশ্বাস হচ্ছে না আমার। আমি এটা বুঝতেই পারি না এবং যুদ্ধটা এখনই শেষ হোক, সে আশাই করি।’