রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে পেছনে ফেলে গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি শিরোপার মালিক এ বছরই হয়েছেন রাফায়েল নাদাল। তবে চোট–টোট মিলিয়ে সম্প্রতি টেনিস কোর্টে সময়টা ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদালের খুব যে ভালো যাচ্ছিল, তা বলা যাবে না।
এ ছাড়া সন্তানসম্ভবা স্ত্রী মেরি পেরেয়োর অসুস্থতা নিয়েও একটু উদ্বেগের মধ্যে ছিলেন নাদাল। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই সম্পন্ন হয়েছে। গতকাল প্রথমবারের মতো বাবা হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। মেরি পেরেয়োর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান।
সন্তান যে আসছে, সে খবর অনেক দিন চেপে রেখেছিলেন নাদাল ও পেরেয়ো। আসন্ন সন্তানকে সংবাদমাধ্যমের খবর বানাতে চাননি তাঁরা। তবে গত জুনে নাদাল ও পেরেয়ো সন্তান আসার খবর দিয়েছিলেন। আর আগস্ট মাসে একটু জটিলতা দেখা দিয়েছিল পেরেয়োর।
জটিলতা দেখা দেওয়ার পর দ্রুতই পেরোয়োকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকি লেভার কাপ চলাকালেও স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়েছিল নাদালকে। জটিলতা দেখা দেওয়ায় চিকিৎসকেরা একটু আগেভাগেই অস্ত্রোপচারও করাতে চেয়েছিলেন।
শেষ পর্যন্ত অবশ্য সে সিদ্ধান্ত থেকে চিকিৎসকেরা সরে আসেন। তবে লম্বা সময় ধরে পেরেয়োকে নিজেদের তত্ত্বাবধানে রাখেন চিকিৎসকেরা। অবশেষে অস্ত্রোপচার ছাড়াই সবকিছু ভালোয় ভালোয় শেষ হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নবজাতক আর তার মা—দুজনই এখন সুস্থ।