উত্তর লেখার দরকারি নির্দেশনা

মো. নজরুল ইসলাম

সহকারী বিশেষজ্ঞ, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহ

সমাপনী পরীক্ষার্থীরা, আজ দেওয়া হলো উত্তর লেখার দরকারি নির্দেশনা।

১. বহুনির্বাচনী প্রশ্নের উত্তর কীভাবে উত্তরপত্রে লিখতে হবে সে বিষয়ে এখনো সংশ্লিষ্টদের মনে প্রশ্ন রয়ে গেছে। এ ক্ষেত্রে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর www.nape.gov.bd ওয়েবসাইটে প্রতিটি বিষয়ের নমুনা উত্তর দেওয়া আছে, তা অনুসরণ করে উত্তর লেখা বাঞ্ছনীয়। অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে কেবল উত্তর উপ-ক্রমিক লিখলেই হবে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। মনে করো, একটি প্রশ্ন—১) শিউলি ফুল কোন ঋতুতে ফোটে?

      ক) বর্ষা খ) শরৎ গ) হেমন্ত ঘ) শীত

উল্লিখিত বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীকে কেবল ‘(১) খ’ লিখলেই হবে। প্রতিটি বিষয়ের বহুনির্বাচনী উত্তর উল্লেখিতভাবে শুধু প্রশ্ন-উপক্রমিক (ক/খ/গ/ঘ অথবা i/ii /iii/iv অথবা অন্য যে উপক্রমিক যা দিয়ে প্রশ্ন করা হবে তা লিখতে হবে) লিখলে পরীক্ষার্থীদের অনেক সময় সাশ্রয় হবে। সাশ্রয় করা এ সময় পরীক্ষার্থীরা রচনামূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে এবং উত্তর রিভিশন দেওয়ার কাজে ব্যবহার করতে পারবে।

২. মিলকরণ প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে পরীক্ষার্থীরা কেবল বাম পাশের প্রশ্ন উপক্রমিক লিখে মাঝখানে ‘+ (যোগ) অথবা ড্যাস (-)’ চিহ্ন দিয়ে ডান পাশের প্রশ্ন উপক্রমিক লিখলেই হবে। এ জন্যও একটি উদাহরণ দেওয়া যাক—ধরা যাক মিলকরণ প্রশ্নের বাম পাশে আছে ‘b) The Royal Bengal Tigers’ এবং ডান পাশে ‘(iv) live in the Sundarbans’ আছে। এ ক্ষেত্রে শিক্ষার্থী কেবল ‘b + iv’ অথবা ‘b~iv’ লিখলেই পূর্ণ নম্বর পাবে (বাম পাশের বাক্যাংশ ও ডান পাশের বাক্যাংশ লেখার কোনো প্রয়োজন নেই)।

৩. ইংরেজি বিষয়ে ১৪ নম্বর প্রশ্ন ক্রমিকে একটি ‘Short and simple composition’ লিখতে বলা হয়েছে। মূলত প্রদত্ত clues-এর আলোকে সর্বাধিক ১০টি বাক্যে একটি নির্ভুল Paragraph লিখলেই পূর্ণ নম্বর পাবে। লিখিত Paragraph এক প্যারায় হওয়া বাঞ্ছনীয়।

৪. ইংরেজি প্রশ্ন ক্রমিক ১৩ এবং বাংলা প্রশ্ন ক্রমিক ১৫-তে একটি ফরম পূরণবিষয়ক প্রশ্ন থাকবে। উভয় ক্ষেত্রে অনুচ্ছেদ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে ফরম পূরণ করতে হবে। একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ধরা যাক, প্রদত্ত অনুচ্ছেদটি হলো—‘মনে করো তুমি পঞ্চম শ্রেণীর ছাত্র/ছাত্রী। তোমার নাম রহিম মিয়া/রহিমা খাতুন, তোমার বাবার নাম করিম মিয়া, মায়ের নাম সখিনা বেগম, তোমার বিদ্যালয়ের নাম কলাবতীর হাট প্রাথমিক বিদ্যালয়।’

এবার উল্লেখিত তথ্য দিয়ে নিচের লাইব্রেরি কার্ডটি পূরণ করো।’

লাইব্রেরি কার্ড

নাম:

পিতার নাম:

মাতার নাম:

বিদ্যালয়ের নাম:

শ্রেণী:

ইংরেজি বিষয়ের ক্ষেত্রেও ইংরেজিতে একটি তথ্যবহুল টেক্সট দেওয়া থাকবে।

৫. বাংলা ও ইংরেজি বিষয়ে চিঠি লিখতে বলা হলে পত্র প্রেরকের ‘ঠিকানা ও তারিখ’ পত্রের ওপরের দিকে ‘ডান বা বাম’ যেকোনো দিকে লিখলেই হবে। শুরুতে পত্র প্রেরকের ‘ঠিকানা ও তারিখ’ যে দিকে লেখা হবে, পত্র লেখা শেষে পত্র প্রেরকের ‘নাম’ নিচে সেদিকেই লিখতে হবে। অর্থাৎ নিচের যেকোনো একভাবে লিখতে হবে।

উল্লেখ্য, বাংলা এবং ইংরেজি বিষয়ে চিঠি লিখতে বলা হলে ‘খাম’ দিতে হবে না। আরও উল্লেখ্য, চিঠি বা আবেদনপত্র এক/একাধিক পৃষ্ঠায় লেখা যাবে।

৬. সব বিষয়ের ৭৫ নম্বরের প্রশ্ন সরাসরি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, কর্তৃক প্রণীত পঞ্চম শ্রেণীর পাঠ্যবই থেকে করা হবে। যদি পরীক্ষার্থীরা কেবল পাঠ্যবই ভালোভাবে রপ্ত করতে পারে তবে প্রতিটি বিষয়ে ৬০ শতাংশ নম্বর পাওয়া কোনো বিষয়ই নয়। সব পরীক্ষার্থী তাদের প্রত্যাশা অনুযায়ী ফল করবে এ আশাবাদ ব্যক্ত করছি।