উড়ুক্কু মেইল!

মেইল
মেইল

মেইল এখন নীরবেই আসে, নীরবেই হয় চ্যাটিং। কিন্তু মেইল আসার শব্দ যদি আগেভাগেই শুনতে পান কিংবা মেইল আসার সময় যদি কানে একঝাঁক পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসে? বৈজ্ঞানিক কল্পকাহিনির মতো শোনালেও বাস্তবে তা-ই ঘটতে চলেছে। জার্মানির গবেষকেরা অডিও প্রযুক্তির সমন্বয়ে এমন একটি পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছেন, যেখানে অবস্থান করলে আপনার চারপাশ দিয়ে উড়ে যাওয়া মেইল কিংবা টুইটের আনাগোনার শব্দও শুনতে পারবেন। বার্লিনের প্রযুক্তি গবেষকেরা এই স্থানটিকে বলছেন ‘বুমরুম’। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ সাইন্টিস্ট।

গবেষকেরা এ প্রযুক্তি তৈরিতে মোবাইলের অবস্থানের ওপর ভিত্তি করে ৫৬টি লাউডস্পিকারের শব্দতরঙ্গ ব্যবহার করে এমন শব্দ তৈরি করেন যা কেবল নির্দিষ্ট শ্রোতার পক্ষেই শোনা সম্ভব। এ পদ্ধতিতে ই-মেইল বা টুইট এমনভাবে ভেসে বেড়াবে যে, শ্রোতা এই ই-মেইল বা মেসেজের প্রেরক বা এর উত্স সম্পর্কে ধারণা পাবেন। গবেষকেরা দাবি করেছেন, উড়ুক্কু এসব বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তাটি সরাসরি মাথার ওপর গিয়ে অবস্থান করবে যা হাতে ধরে কম্পিউটারের সাহায্যে পড়াও যাবে। 

ভবিষ্যতে এ ধরনের স্মার্টরুম তৈরি করা সম্ভব হলে দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে মনে করছেন গবেষকেরা।