৩০ সেন্টিমিটার দীর্ঘ একটি সাপের মতো রোবট ধীরে ধীরে মানুষের শরীরে প্রবেশ করবে এবং যকৃতের টিউমার অপসারণ করতে যত রকম কসরত করার প্রয়োজন পড়বে, এটি সবকিছু করতে পারবে। খবর বিবিসির।সাপের মতো এ রোবটটি যখন শরীরে কাজ করবে, তখন চিকিত্সক দূরে বসে শুধু এটিকে নির্দেশনা দেবেন। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা যকৃতের টিউমারের মতো বিষয়গুলোর জটিল অস্ত্রোপচারের জন্য এ রোবট তৈরি করেছেন। ব্রিস্টলের ওসি রোবটিকস নামের একটি প্রতিষ্ঠানের রোবট-নকশাকারীরা এ রোবটটি তৈরি করেছেন। পরীক্ষাগারে এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় চিকিৎসাক্ষেত্রে এ রোবটটির ব্যবহার শুরু হয়নি। তবে গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই চিকিত্সকদের অনুমতি নিয়ে চিকিৎসাক্ষেত্রে নতুন এ রোবটটির ব্যবহার শুরু হবে। এ রোবটটি শরীরে ক্যানসার কোষ খুঁজে বের করবে এবং তা অপসারণ করতে সক্ষম হবে। সম্প্রতি লিডস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনকোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং নামের আন্তর্জাতিক এক সম্মেলনে সাপের মতো এ রোবটটি দেখিয়েছেন গবেষকেরা। যুক্তরাজ্যের ক্যানসার গবেষক সাফিয়া ডানোভি জানিয়েছেন, এ রোবট এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ক্যানসারের চিকিত্সায় এটি গুরুত্বপূর্ণ এক আবিষ্কার।