ক ম্পি উ টা র শি ক্ষা ১ ম প ত্র

প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, কম্পিউটার শিক্ষা ১ম পত্রের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: অপারেটিং সিস্টেম কী? অপারেটিং সিস্টেমের কার্যাবলি বর্ণনা করো।
উত্তর: অপারেটিং সিস্টেম হলো এমন কতগুলো প্রোগ্রামের সমষ্টি, যেগুলোর সাহায্যে কম্পিউটারের সব হার্ডওয়্যার ও সফওয়্যারকে নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং সফটওয়্যারগুলোর পরিচালনা, নিয়ন্ত্রণ ও কার্যকর করতে সমর্থন এবং সাহায্য করে।
সংজ্ঞা: অপারেটিং সিস্টেম হলো একগুচ্ছ সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমের বিভিন্ন রিসোর্স যেমন সিপিইউ, ডিস্ক, প্রিন্টার ইত্যাদি একত্রে নিয়ন্ত্রণ এবং ব্যবহার করে ডেটা প্রসেস করে থাকে। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের মতে, যে সফটওয়্যার কম্পিউটার প্রোগ্রামের এক্সিকিউশন নিয়ন্ত্রণ করে এবং শিডিউলিং, ডিবাগিং, ইনপুট-আউটপুট নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং, কম্পাইলেশন, তথ্যাবলি সংরক্ষণ কার্যক্রম, তথ্যব্যবস্থাপনা এবং আনুষঙ্গিক কাজ করে থাকে, তাকে অপারেটিং সিস্টেম বলে।
কার্যাবলি: কম্পিটারের আকার, গঠন ও প্রয়োগের ওপর নির্ভর করেই অপারেটিং সিস্টেমের গঠন, আকার ছোট বা বড় এবং কাজের পরিধি কম বা বেশি হয়। বর্তমানে বহুল প্রচলিত অপারেটিং সিস্টেমগুলোর প্রধান কাজগুলো নিচে আলোচনা করা হলো-
ইউজারইন্টারফেস: ইউজারইন্টারফেস অপারেটিং সিস্টেমের এমন একটি অংশ যা ব্যবহারকারীর সঙ্গে বিভিন্ন সফটওয়্যারের সংযোগ, সমন্বয়সাধন, পরিচালনা ও নির্দেশ প্রদানে সহায়তা প্রদান করে। তা ছাড়া সফটওয়্যারগুলোর নিয়ন্ত্রণ ও বিভিন্ন প্রোগ্রাম লোড করা ও কাজ করার সুযোগ সৃষ্টি করে থাকে। অপারেটিং সিস্টেমে সাধারণত তিন ধরনের ইউজার ইন্টারফেস দেখা যায়। যথা—কমান্ডচালিত, মেনুচালিত ও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
রিসোর্স ম্যানেজমেন্ট: অপারেটিং সিস্টেম কম্পিউটারকে সচল ও ব্যবহার-উপযোগী করে তোলে। এটা কম্পিউটারের বিভিন্ন রিসোর্স যেমন ইনপুট ও আউটপুট ডিভাইস (প্রিন্টার, ফ্লপি/হার্ড ডিস্ক ড্রাইভ, মাউস, মনিটর, মাউস, কিবোর্ড ইত্যাদি) ও অন্য ডিভাইসগুলোর নিয়ন্ত্রণ, ত্রুটি ও অবস্থা পর্যবেক্ষণ এবং সমন্বয়সাধন করে। তাছাড়া মেমোরি ম্যানেজমেন্ট করে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধি করে।
সিকিউরিটি: অপারেটিং সিস্টেম কম্পিউটারের রিসোর্সকে অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীর হাত থেকে রক্ষা করে। এটি ডেটা ও ইনফরমেশন চুরি থেকেও রক্ষা করে।
টাস্ক ম্যানেজমেন্ট: অপারেটিং সিস্টেমের টাস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম ব্যবহারকারীর নির্দেশ গ্রহণ, বিশ্লেষণ এবং ব্যাচ প্রসেসিং করে। সিপিইউর টাইম স্লাইসকে বিভিন্ন টাস্কের মধ্যে বণ্টন করে এবং ইন্টারাপ্ট কন্ট্রোল করে যাতে সব টাস্কই সঠিকভাবে সম্পন্ন হয়।
ফাইল ম্যানেজমেন্ট: অপারেটিং সিস্টেম ফাইল ম্যানেজমেন্ট; যেমন ফাইল তৈরি, ডিলিট, অ্যাকসেস, কপি, মুভ, সংরক্ষণ ইত্যাদি কাজ করে থাকে। তাছাড়া ডেটা ও প্রোগ্রাম ম্যানিপুলেশন যেমন ডেটা আদান-প্রদান, স্থানান্তর ও সংরক্ষণের কাজ করে থাকে।
নেটওয়ার্কিং: আধুনিক অপারেটিং সিস্টেম একদিকে কম্পিউটার কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইসের সঙ্গে সংযুক্ত হওয়ার যাবতীয় কাজ করে থাকে। এই সংযুক্তি বা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের সুবিধা (যেমন ডেটা ট্রান্সফার, রিসোর্স শেয়ারিং করা ইত্যাদি) পেয়ে থাকেন।
ইউটিলিটিস: অপারেটিং সিস্টেম ব্যবহাকারীকে বিভিন্ন ধরনের সুবিধা যেমন ফাইল ডিফ্রাগমেন্টেশন, ডেটা কম্প্রেশন, ব্যাকআপ, ডেটা রিকভারি, অ্যান্টি-ভাইরাস ইত্যাদি ইউটিলিটিস প্রদান করে।

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম