মেলায় নিজেদের পণ্য প্রদর্শন করছেন ডিজিটাল পল্লির উদ্যোক্তারা
মেলায় নিজেদের পণ্য প্রদর্শন করছেন ডিজিটাল পল্লির উদ্যোক্তারা

ডিজিটাল পল্লি মেলায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

গ্রামেও ই-কমার্সকে ছড়িয়ে দিতে হবে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে গড়ে তোলা হয়েছে ‘ডিজিটাল পল্লি’। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো এই ‘ডিজিটাল পল্লি’ গড়ে তোলা হয়েছে। আজ রোববার ডিজিটাল পল্লির উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর ম্যারিয়ট কনভেনশন সেন্টারে ডিজিটাল কমার্স মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ মেলায় মোট ৫০ জন উদ্যোক্তা নিজেদের পণ্য প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশব্যাপী উন্নয়নের ছোঁয়া গ্রামেও লেগেছে। আর তাই এখন গ্রামীণ বাণিজ্যকেও ডিজিটাল করা প্রয়োজন। এ জন্য শুধু শহরে এগিয়ে নিলে হবে না, গ্রামেও ই-কমার্সকে ছড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে কাজও করছে সরকার। ডিজিটাল বাংলাদেশে অনলাইন কেনাবেচাকে আরও গুরুত্ব দিতে হবে। শহরের পাশাপাশি প্রতিটি গ্রামে ই-কর্মাস পৌঁছে দিতে পারলে এ খাত ভালো করবে।

অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল কমার্স ভিলেজ বা ডিজিটাল পল্লি হলো গ্রামে ই-কমার্স সেবা পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ। এ উদ্যোগের আওতায় একটি মডেল গ্রাম তৈরি করা হয়েছে, যেখানে উদ্যোক্তা প্রশিক্ষণসেন্টার, কল সেন্টার, পণ্য বিতরণসেবা, ডিজিটাল পেমেন্ট, পণ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। ফলে গ্রাম ও শহরের ডিজিটাল বৈষম্য কমে আসবে এবং ডিজিটাল কমার্স ইকোসিস্টেম গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সমন্বয়ক মো. আবদুর রহিম খান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ প্রমুখ।