জেনে নিন

চলে আমার সাইকেল...

সাইকেলে দুই চাকায় গতি পেয়েছে যেন দুরন্ত শৈশব। মডেল: রাইয়ান, আয়ান ও ওয়াসিক। ছবি: নকশা
সাইকেলে দুই চাকায় গতি পেয়েছে যেন দুরন্ত শৈশব। মডেল: রাইয়ান, আয়ান ও ওয়াসিক। ছবি: নকশা

ট্রলিতে বসিয়ে মায়ের আর ঠেলতে হয় না তাকে। বড় হয়ে গেছে শিশুটি। এখন তার চাই নিজস্ব একটা বাহন। সাইকেলে চড়ে ঘুরে বেড়াতে চায় শিশু। তার আবদারে সাড়া তো দিতে চানই অভিভাবকেরা, জেনে নিন তাই নানা রকম সাইকেলের বাজারদর।
সাইকেল চালানোর সুযোগ যদি করে দেওয়া যায় শিশুকে, তাহলে তা একই সঙ্গে শিশুর স্বাস্থ্য গঠনে ভূমিকা রাখবে, আবার টেলিভিশন আর কম্পিউটারের নিত্যদিনের চক্র থেকেও মুক্তি পাবে শিশুর মন।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও নিউমার্কেট ঘুরে পাওয়া গেল শিশুদের উপযোগী বাহনের খোঁজ। এসব বাহনের মধ্যে রয়েছে বাইসাইকেল, ট্রাইসাইকেল, প্যাডেল বাইক, স্কুটি ও গাড়ি। কোনো কোনো ট্রাইসাইকেলের সঙ্গে আবার সংযুক্ত আছে ছাতা। এসব বাহনে আছে নানান রঙের বাহার। শিশুদের কাছে আকর্ষণীয় করে তুলতে এগুলোতে রয়েছে উজ্জ্বল সব রঙের ব্যবহার।
কেমন হয় যদি কার্টুন চরিত্রগুলোকেই নিয়ে আসা যায় বাস্তবে? নিশ্চয়ই এমনটা হলে শিশু টেলিভিশন বা কম্পিউটারের চেয়ে বেশি আগ্রহী হয়ে উঠবে এদের প্রতি। শিশুদের উপযোগী বাহনগুলোর কোনোটিতে রয়েছে এ ধরনের কার্টুন চরিত্রের অবয়ব। কোনো কোনো সাইকেল আবার মোটরসাইকেলের মতো দেখতে। হেলমেটও আছে সঙ্গে। এসব বাহনের কোনো কোনোটি ব্যাটারিচালিত, তবে চালানোর সময় সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে শিশু নিজেই।
সাইকেলগুলোর কোনোটি আসে বংশাল থেকে, কোনোটি আবার আসে দেশের বাইরে থেকে। ট্রাইসাইকেলগুলোর কোনোটিতে আছে একই সঙ্গে দুজন বসার সুযোগ। এসব দোকানে আসা শিশুদের মধ্যে গাড়ির প্রতি দেখা গেল আলাদা আগ্রহ। নিজের গাড়ি চালাতে চায় তারা নিজেই।

দরদাম
আকার ও নকশা ভেদে শিশুদের বাইসাইকেলের দাম পড়বে ২০০০-৯০০০ টাকা। ট্রাইসাইকেল পাওয়া যাবে ১০০০-৫৫০০ টাকার মধ্যে। ব্যাটারিচালিত বাইকের দাম ৪০০০-১৫০০০ টাকা। প্যাডেল বাইকের দাম ৩০০০ টাকার মধ্যে। মোটরসাইকেলের মতো দেখতে সাইকেলের দাম ১৩০০০ টাকা। গাড়ির দাম ১০০০০-২৮০০০ টাকা। আর স্কুটির দাম পড়বে ১৫০০-৭০০০ টাকার মধ্যে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, গুলশান-১ ডিসিসি মার্কেট, নিউমার্কেট এসব জায়গায় পাবেন নানা বয়সের শিশুদের উপযোগী সাইকেল।