
ছোট ভাইয়ের চোখে সমস্যা। তা-ও আবার ছোটখাটো সমস্যা নয়, মায়োপিয়া! ডাক্তার সাফ জানিয়ে দিয়েছেন, চশমা ছাড়া কোনো গতি নেই। গতিহীন চোখের গতি ফিরিয়ে আনার জন্য তাকে চশমা দেওয়া হয়েছে। দিনভর সেই চশমা দিয়ে চোখে গতি আনার মহাপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সে। ফেসবুক আর ক্ল্যাশ অব ক্লানসময় জীবনে চোখে চশমা ওঠা এখন অস্বাভাবিক কিছু নয়। আমরাও বিষয়টা স্বাভাবিক বলেই মেনে নিলাম।
তবে অস্বাভাবিক ঘটনাও ঘটতে লাগল। প্রথম প্রথম ভেবেছিলাম, নতুন চশমা নিয়েছে, তাই হয়তোবা এখনো আবেগের বেগ সামলাতে পারেনি। বাসায় যেবার টিঅ্যান্ডটি লাইন নেওয়া হলো, আমাদেরও এ রকম হয়েছিল। কারণ ছাড়াই ফোনের রিসিভার তুলে কানে দিতাম। অচেনা নম্বরে কল করে বসতাম। দিনভর একটা ফোন কলের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসেও থেকেছি। এগুলো সর্দি-কাশির মতো ভ্রাম্যমাণ ব্যাধি। কিছুদিন যাওয়ার পর আপনাআপনি রোগ জায়গা বদল করে।
তবে এবার কিছুদিন যাওয়ার পর লক্ষ করলাম, ঘটনা সর্দি-কাশি নয়। সরাসরি জন্ডিস। কেননা ছোট ভাই এখন নিয়মিত রাতে চশমা চোখে ঘুমায়! ঘটনা আলোচনা–পর্যালোচনার পর বাবা ছোট ভাইকে রিমান্ডে নিলেন। রিমান্ডের একপর্যায়ে ছোট ভাই ঘটনার বিস্ময়কর ব্যাখ্যা দিল। দিনের দৃশ্যগুলোর মতো তার রাতের স্বপ্নগুলোও নাকি চশমা ছাড়া ঝাপসা। ঝাপসা স্বপ্নগুলো স্পষ্ট দেখতে তাকে রাতে চশমা চোখে ঘুমাতে হয়। বিস্ময়কর ব্যাখ্যায় মা যে পরিমাণে আতঙ্কিত হলেন, আমার মহান বাবা ঠিক একই পরিমাণে অভিভূত। পুত্র-প্রতিভায় তিনি যে চূড়ান্ত অভিভূত, তা বুঝলাম সেদিন রাতেই। রাতে বাবাও চশমা চোখে ঘুমাতে গেলেন। পুত্রের সঙ্গে স্বামীকে নিয়ে আমার আতঙ্কিত মা নিজ প্রচেষ্টায় দুশ্চিন্তা শুরু করে দিলেন। স্ত্রীর দুশ্চিন্তা বাবা তেমন গায়ে মাখলেন না। তিনি তাঁর প্রতিভাবান পুত্রের চশমা থেরাপিতেই অটল রইলেন।
কিছুদিন এভাবেই গেল। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। পাওয়ার আলীর সহযোগিতায় আবির্ভূত নেতাকেও একসময় নেতৃত্ব হারিয়ে শ্বশুরবাড়ি যেতে হয়। ছোট ভাইকেও চশমা থেরাপি হারিয়ে বাবার উত্তম-মধ্যম থেরাপিতে যেতে হলো। ঘটনা ঘটল সেদিন গভীর রাতে। কোনো এক অজানা কারণে ছোট ভাইয়ের ঘরে উঁকি দিতেই বাবা আবিষ্কার করলেন, ঘরে আলো জ্বলছে। বাল্বের আলো নয়। মোবাইল ফোনের আলো। ক্ল্যাশ অব ক্লানসময় জীবনে ‘অ্যাটাক’ দিতে দিতে পরিশ্রান্ত ছোট ভাই প্রতি রাতেই চশমা চোখে ঘুমিয়ে পড়ে। পিতার কাছে পুত্রের চশমা থেরাপির এই গোপন রহস্য সেদিন রাতে আর গোপন থাকেনি।
অন্যদিকে রহস্য মুক্তির হতাশায় বাবা মুষড়ে পড়লেন। কেননা কাকতালীয়ভাবে চশমা থেরাপিতে তার রাতের ঝাপসা স্বপ্নগুলো স্পষ্ট হতে শুরু করেছিল!