
তুলনামূলক ছোট চোয়াল এবং ভরাট মুখমণ্ডলই নারীকে পুরুষের কাছে বেশি আকর্ষণীয় করে তোলে। আর সম্পর্কের স্থায়িত্বের বিষয়টি নির্ভর করে ‘নারীসুলভ’ বৈশিষ্ট্যের ওপর। এ ছাড়া এই বৈশিষ্ট্যগুলো নারীর সুস্থতা, তারুণ্য, নিষ্ঠা ও অন্যান্য গুণের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত বলে পুরুষেরা মনে করেন। স্কটল্যান্ডের নতুন এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ জার্নাল অব সাইকোলজিতে ওই গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। স্কটল্যান্ডের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের অ্যান্থনি লিটল ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের বেনেডিক্ট জোন্স গবেষণায় নেতৃত্ব দেন। তাঁরা কয়েক শ স্বেচ্ছাসেবক পুরুষের ওপর জরিপ চালান। দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে তাঁদের অধিকাংশই বলেন, সঙ্গিনীর ‘নারীসুলভ ও কমনীয়’ চেহারাই তাঁরা পছন্দ করেন। তবে এই গবেষণার ফলাফলই এ ব্যাপারে চূড়ান্ত কোনো নির্দেশক নয়। তা ছাড়া এখানে কেবল কাঙ্ক্ষিত নারীর বৈশিষ্ট্য নিয়ে পুরুষদের মধ্যে জরিপ চালানো হয়েছে। এএফপি।