
আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে হবে এই প্রতিযোগিতা। বাংলাদেশ দল নির্বাচনের জন্য গত ২৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশের নয়টি শহরে অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্ব।
আঞ্চলিক পর্বে বিজয়ী এবং একটি ই-অলিম্পিয়াডে নির্বাচিত ৫০০ শিক্ষার্থী অংশ নেবে কালকের চূড়ান্ত পর্বে। জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। প্রথম আলো এবং বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা আয়োজনে সহযোগিতা করছে। আয়োজনের পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই আয়োজনের পৃষ্ঠপোষকতার চেক হস্তান্তর করেন ব্যাংকটির চেয়ারম্যান আবদুস সামাদ। তিনি এ সময় বাংলাদেশ দল আইজেএসও-এ ভালো ফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি রেজাউর রহমান এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, পরিচালক বদিউর রহমান ও আব্দুল মালেক মোল্লা, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলমসহ অনেকে।