বিভিন্ন জেলায় সদ্য যোগ দিয়েছেন, এমন জেলা প্রশাসকদের জন্য ডিজিটাল বাংলাদেশবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আয়োজনে এ কর্মশালায় ১১ জন জেলা প্রশাসক অংশ নেন। এর আগে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের সবাইকে একই রকম প্রশিক্ষণ দেওয়া হয়। খবর বিজ্ঞপ্তির।তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, ডিজিটাল বাংলাদেশের কৌশলগত বিভিন্ন অগ্রাধিকার, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র সম্পর্কে ধারণা প্রদান, জেলা ই-সেবাকেন্দ্র, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বৃদ্ধি করা এবং জেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশবিষয়ক কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয় এ কর্মশালার মাধ্যমে।এ কর্মশালায় জেলা প্রশাসকেরা ডিজিটাল বাংলাদেশ গড়তে কী ভূমিকা পালন করতে পারেন, সে বিষয়ে বলা হয়। এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান কর্মশালায় ডিজিটাল বাংলাদেশের কৌশল ও করণীয়বিষয়ক আলোচনা উপস্থাপন করেন।