
আর মাত্র এক মাস। এরপরই শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড’। আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পঞ্চমবারের মতো হবে তথ্যপ্রযুক্তির এ মেলা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭ উদ্বোধন করবেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের উন্নয়নে সহযোগীদের নীতিগত সহায়তা এবং প্রণোদনা ছাড়াও হার্ডওয়্যার সংযোজন ও উৎপাদনে সাহায্য, ডিজিটাল অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল তৈরিতে কাজ চলছে। আইসিটি-ইকোসিস্টেমের সব অনুষঙ্গে আমরা এখন প্রস্তুত। একবিংশ শতাব্দীতে তথ্যপ্রযুক্তি আমাদের সামনে যেমন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, তেমনিভাবে আমাদের কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন করছে। এসব সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে নিয়ত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট প্রকৌশল, সাইবার নিরাপত্তা, বিগ ডেটা বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির চলমান ও ভবিষ্যৎ ধারায় নিজেদের প্রস্তুত করতে হবে।’
সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আয়োজন সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও একসেস টু ইনফরমেশন (এটুআই)।
এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে, ‘আগামীর জন্য প্রস্তুত-রেডি ফর টুমরো’। চার দিনের এই আয়োজনে গুগল-নুয়ান্সসহ খ্যাতিমান তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুই শতাধিক বক্তা মোট ২৪টি সেমিনারে অংশ নেবেন। শিক্ষার্থীদের নিয়ে আইটি ক্যারিয়ারবিষয়ক সম্মেলনের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের নিয়ে থাকবে ডেভেলপার সম্মেলন। প্রযুক্তিপ্রেমীদের জন্য প্রদর্শনীতে সফটওয়্যার শোকেসিং, ই-গভর্নেন্স এক্সপো, স্টার্টআপ জোন, কিডস জোন, মেড ইন বাংলাদেশ জোন এবং ইন্টারন্যাশনাল জোন ছাড়াও আইসিটি সংশ্লিষ্ট বেশ কিছু প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মেলা চলাকালে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সম্পূর্ণ বিনা মূল্যে সবার প্রবেশাধিকার উন্মুক্ত থাকবে। ডিজিটাল ওয়ার্ল্ডের অফিশিয়াল ওয়েবসইট www.digitalworld.org.bd থেকে নিবন্ধন করা যাবে। বিজ্ঞপ্তি।