উই-এর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীরা
উই-এর প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীরা

নারী উদ্যোক্তাদের উন্নয়নে প্রশিক্ষণ দিল উই

নারী উদ্যোক্তাদের প্রযুক্তিসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নে বছরব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে নারী অনলাইন উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)’। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ইন্ডিয়ান কালচারাল সেন্টার-এ হয়ে গেল সময় ও চাপ ব্যবস্থাপনার প্রশিক্ষণ ‘অল অ্যাবাউট টাইম অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট’। উন্মুক্ত এ প্রশিক্ষণ কর্মশালায় উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি অন্য নারী উদ্যোক্তারাও অংশ নেন।

ভারতের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সংগঠনটিকে এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের সুযোগ করে দেয়। সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং সিল্কক গ্লোবালের প্রধান নির্বাহী ও উই–এর বৈশ্বিক উপদেষ্টা সৌম্য বসুও প্রশিক্ষণ আয়োজনে সহযোগিতা করেন।

উই-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বলেন, ‘আমরা সব সময় চাই, উই–এর হাত ধরে নারীরা এগিয়ে যাক, দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখুক। তাদের এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দিচ্ছি আমরা, যাতে করে নারীদের আর ঘরবন্দী হয়ে থাকতে না হয়। উই–এর হাত ধরে তারা উঠে আসতে পারে দেশের যেকোনো প্রান্ত থেকে। আমরা নারী উদ্যোক্তাদের ব্যবসার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানাতে চাই। তাই সরকার, ভারতীয় হাইকমিশন ও সিল্কক গ্লোবালের সহযোগীতায় বছরব্যাপী আটটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। প্রশিক্ষণে অংশ নিয়ে দক্ষতা উন্নয়নের পাশাপাশি সনদও পাওয়া যাবে।’
প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.weforumbd.org ঠিকানায়।