পাঠকের উকিল

নাহিদ মাহতাব
নাহিদ মাহতাব

* আমার এক আত্মীয়ার তিন মেয়ে। কোনো ছেলে নেই। তাঁর প্রথম মেয়েটি একটি ছেলেসন্তান রেখে মারা গেছেন। আমার আত্মীয়ার ঢাকা শহরে কিছু সম্পত্তি আছে। তাঁর স্বামী ও ভাইবোনেরা বেঁচে আছেন। তাঁর মৃত্যুর পর এই সম্পত্তির অংশীদার কে কে হবেন? তাঁর মৃত মেয়ের ছেলেটি অর্থাৎ নাতি নানির সম্পত্তির অংশীদার হবে কি না?

আবুল কালাম

ঢাকা।

@ তাঁর মৃত্যুর পর তাঁর জীবিত স্বামী এই সম্পত্তির চার ভাগের এক ভাগ পাবেন। বাকি চার ভাগের তিন ভাগ তাঁর সন্তানেরা পাবেন। যে মেয়েটি মারা গেছেন তাঁর অংশ তাঁর পুত্রসন্তান পাবে।

* আমার খালার দুই মেয়ে ও এক ছেলে। সাত বছর আগে খালু আমার খালার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি সালিসের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল; কিন্তু খালুর অপকৌশলের কারণে হয়নি। পরে এটি আদালত পর্যন্ত গড়ায়। সেখানেও মামলাটি শিথিল হয়ে যায়। এখন খালু খালাকে ভরণপোষণ দিচ্ছেন না। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকছেন। আইনি জটিলতা ছাড়া (মামলা-মোকদ্দমা) এ ধরনের লোকদের শাস্তি এবং ভরণপোষণ দিতে বাধ্য করার জন্য কী করা যায়?

নিলুফা, ঢাকা।

@ আপনি মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীন নারী নির্যাতন প্রতিরোধ সেলে অভিযোগ করতে পারেন। এ ছাড়া জাতীয় মহিলা আইনজীবী সমিতি অথবা আইন ও সালিশ কেন্দ্রে আইনগত সহায়তার জন্য যোগাযোগ করতে পারেন।

* আমার বাবা মারা গেছেন চার বছর আগে। আমরা দুই ভাই ও দুই বোন। বাবার রেখে যাওয়া কোনো সম্পত্তি এখন পর্যন্ত খারিজ করা হয়নি। আমার দাদি জীবিত আছেন এবং তাঁর ছেলেমেয়েরাও জীবিত। এখন আমার বাবার কেনা সম্পত্তিতে দাদির অংশীদারত্ব আছে কি? উল্লেখ্য, আমরা মুসলিম। আইন অনুসারে দাদি কি আমার বাবার কেনা সম্পত্তির ভাগ পাবেন?

নাম প্রকাশে অনিচ্ছুক

@ মুসলিম আইন অনুযায়ী আপনার দাদি আপনার বাবার সম্পত্তির অংশীদার। এ ক্ষেত্রে আপনার দাদি আপনার বাবার সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবেন। বাকি সম্পত্তি আপনার দুই ভাই দুই বোন পাবেন। উল্লেখ্য, মুসলিম আইন অনুযায়ী ভাইয়েরা বোনদের দ্বিগুণ অংশের অংশীদার।

* আমার বড় ভাই প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন। যাঁকে বিয়ে করেন, তিনি তালাকপ্রাপ্তা ছিলেন। সেই সময় তাঁর গর্ভে তিন মাসের সন্তান ছিল। বিয়ের সময় তিনি এসব গোপন করেছিলেন। বিয়ের কিছুদিন পর আমার ভাই জানতে পারেন এসব কথা। তখন ভাবিকে তালাক দিতে চাইলে তিনি আমাদের নামে যৌতুক ও নারী নির্যাতন মামলা করেন। বিয়ের সাত মাস পর তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন। এখন মামলা চলাকালীন সময়ে তাঁকে তালাক দিলে আমাদের কোনো রকম অসুবিধা হবে কি? দেনমোহরের পুরো এক লাখ টাকা দিতে হবে কি?

নাম প্রকাশে অনিচ্ছুক

@ মামলা চলাকালে তালাক প্রদানে আইনগত কোনো বাধা নেই। তবে দেনমোহরের পুরো অর্থ মহিলার প্রাপ্য।

* আমার বিয়ে হয় ২০০৮ সালে। এর এক বছর পর আমার একটি ছেলে হয়। বিয়েতে দেনমোহর যা ছিল তার মধ্যে কিছু টাকা বিয়ের সময় পরিশোধ করা হয়। এটি কাবিনে উল্লেখ আছে। এখন আমি স্ত্রীকে তালাক দিলে আমাকে বাকি আর কত টাকা দিতে হবে এবং আমার স্ত্রী আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবে কি না? আমার বাচ্চাটি কার কাছে থাকবে?

সুজন, দিনাজপুর।

@ তালাকের পর আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে ইদ্দত চলাকালে অর্থাৎ তিন মাসের ভরণপোষণ ও দেনমোহরের জন্য আবেদন করতে পারেন। এ ছাড়া আপনার সন্তান সাত বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকবে এবং এ সময়ে তাঁর ভরণপোষণের ব্যয় আপনাকে বহন করতে হবে।

জীবনে চলতে-ফিরতে যেসব আইনি জটিলতায় পড়তে হয়, পাঠকের উকিল বিভাগে তারই সমাধান পাওয়া যাবে।এ বিভাগে আইনি সমস্যার সমাধান দেবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ মাহতাব। স্পষ্ট করে নিজের সমস্যা লিখে পাঠান। প্রয়োজনীয় কাগজের অনুলিপি দিন।

খামের ওপর লিখুন: পাঠকের উকিল, নকশা, দৈনিক প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুলইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

এ ছাড়া naksha@prothom-alo.info এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।